প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সমালোচনা দমনে ক্ষমতাসীনেরা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকারকর্মীরা। তাঁরা বলেছেন, প্রস্তাবিত এ আইনের অপপ্রয়োগ রোধ করার জন্য অপরাধের সংজ্ঞা স্পষ্ট ও সুনির্দিষ্ট করতে হবে।
‘নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা: পর্যালোচনায় সাইবার নিরাপত্তা আইন ২০১৫’ শীর্ষক এক মতবিনিময় সভায় মানবাধিকারকর্মীরা এ কথা বলেন। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে আদালত অবমাননা, মানহানি প্রভৃতি অপরাধের কথা আছে। এসব অপরাধ অফলাইনেও হতে পারে। প্রস্তাবিত আইনে অনলাইন বা অফলাইন অপরাধ স্পষ্ট করে বলা নেই। তাই এই আইনের অপপ্রয়োগের আশঙ্কা থাকছে। এ জন্য দণ্ডবিধির মতো প্রস্তাবিত আইনেও সব অপরাধ স্পষ্ট ও সুনির্দিষ্ট করে দিতে হবে।
গণমাধ্যমব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, কী কাজে এবং কীভাবে আইনের প্রয়োগ হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এই স্পর্শকাতর বিষয়গুলো গণমাধ্যমে আলোচনা হওয়া উচিত। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রামু, পাবনা বা কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার উল্লেখ করে বলেন, বিদ্যমান তথ্যপ্রযুক্তি আইন ধর্মীয় বিদ্বেষ কমাতে কাজে লাগেনি। উল্টো এই আইনের ৫৭ ধারা অপপ্রয়োগ করা হচ্ছে।
সরকার নিজের ব্যাপারে দিন দিন আস্থাহীন হয়ে পড়ছে মন্তব্য করে মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ বলেন, তা না হলে সরকার কেন কয়েক দিন পরপর একই বিষয়ে নতুন আইন প্রণয়ন করবে? তিনি বলেন, ‘যদি প্রস্তাবিত এই আইনও ক্ষমতাসীনদের সুরক্ষার জন্য প্রয়োগ করা হয়, তাহলে আমরা পুরোপুরি ভরসা হারিয়ে ফেলব।’