সমালোচনা সহ্যের ক্ষমতা গণতন্ত্রকে মজবুত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল নিবিড়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সাংবাদিকদেরও কাজ করার সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু ও গণমাধ্যম শিরোনামের বইটি প্রকাশ করেছে পিআইবি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমালোচনা সহ্যের ক্ষমতা গণতন্ত্রকে মজবুত করে। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে হলে অসত্য প্রচারকারীদের নির্মূল করতে হবে, রাজনীতি থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও তথ্যসচিব মরতুজা আহমদ। সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হাননান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল ও দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনিরুজ্জামান। সাংবাদিক আবেদ খানের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী।