ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জেলা আওয়ামী লীগের সমালোচনাকারীদের পত্রিকায় বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যদি পেশিশক্তি দেখিয়ে রাজনীতি করতে চায় তাহলে তাঁর হাত-পা কেটে দেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে গণহত্যা দিবস উপলক্ষে মহাজোটের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক জনসমাবেশের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
জেলা সম্মিলিত নাগরিক সমাজ গত ২৩ মার্চ বিকেলে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম ও সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানুল হক, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনূর আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম। আমন্ত্রিত অতিথিরা সভায় জেলা আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন।
গতকাল পুরো অনুষ্ঠানেই ২৩ মার্চের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে সমালোচনা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সমাবেশে আল মামুন সরকার বলেন, শিগগিরই ২৩ তারিখের জবাব দেওয়া হবে। পত্রিকায় বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা না করলে সমালোচনাকারীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পালাবার রাস্তা পাবেন না। তিনি আরও বলেন, ২৩ মার্চ যাকে সংবর্ধনা দেওয়া হয়েছে তিনি তো শেখ হাসিনার নির্দেশ অমান্য করে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। যিনি প্রধান অতিথি ছিলেন (মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক) তিনিও একবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে সংসদ সদস্য নির্বাচন করেছিলেন। সব বিদ্রোহী আর বহিষ্কৃতরা এক হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, ‘সংবর্ধনার কথা বলে সেদিন যে খিস্তিখেউড়ে হয়েছে এর জবাব আমি দিতে চাই না। আমি আমার সীমারেখা অতিক্রম করব না। ষড়যন্ত্রকারীদের নিয়ে মাথাব্যথা করে লাভ নেই।’
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর মেয়র নায়ার কবির, দলের জেলা সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জাসদের জেলা সভাপতি আক্তার হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।