ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত ভয়াবহ বিডিআর বিদ্রোহের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে বিদ্রোহসংক্রান্ত তদন্ত সমন্বয়ের দায়িত্ব দেন। এতে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা কার্যত গৌণ হয়ে পড়ে। দৃশ্যত বিদ্রোহ মোকাবিলায় সাহারা খাতুনের কার্যক্রমে ক্ষুব্ধ অনেক সেনা কর্মকর্তার সমালোচনার প্রতিক্রিয়ায় তা করা হয়। উইকিলিকসের ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের তারবার্তায় এ কথা বলা হয়েছে। ২০০৯ সালের ১১ মার্চ বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে তদন্ত সমন্বয়ের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো কূটনৈতিক তারবার্তায় ওপরের মন্তব্য করেন। তিনি বলেন, ফারুক খান একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে সেনানিবাসগুলোতে তাঁর গ্রহণযোগ্যতা আছে। ফারুক খানের আরেকটি পরিচয়, তিনি প্রধানমন্ত্রীর এলাকা গোপালগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত সাংসদ ও শেখ হাসিনার বেশ অনুগতদের অন্যতম। রাষ্ট্রদূত মরিয়ার্টি ১১ মার্চই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে জানিয়েছিলেন, তিনি তদন্তে অবিলম্বে বাড়তি সহায়তা চেয়ে ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রদূত এ সময় জাতীয় ঐক্য বজায় রাখা এবং তদন্তে স্বচ্ছতা থাকার ওপর জোর দেন। অন্যদিকে সীমান্তে টহল পরিস্থিতি কেমন, সে প্রশ্নের জবাবে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তাঁকে ‘অস্পষ্ট’ জবাব দিয়েছেন বলে লিখেছেন মরিয়ার্টি। সোহেল তাজ স্বীকার করেন, এটি একটি উদ্বেগের বিষয়। তবে বিডিআরের নতুন (বর্তমান বিজিবি) মহাপরিচালক এর সমাধানের লক্ষ্যে কাজ করছেন।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও মহাজোটের অংশীদার হুসেইন মুহম্মদ এরশাদ—উভয়েই ঘটনার সর্বদলীয় সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রদূত জানতে চান, তা হতে পারে কি না। জবাবে সোহেল তাজ বলেন, বিষয়টি ‘ইতিমধ্যেই আলোচনায় উঠেছে এবং অবশ্যই বিবেচনাধীন’।বিদ্রোহের সময় ‘ব্যক্তিগত সফরে’ যুক্তরাষ্ট্রে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারবার্তায় বলা হয়েছে ওই বিপর্যয়ের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে না আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের অন্যদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন সোহেল তাজ।বার্তায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি লিখেছেন, দেশে ফেরার পর সোহেল তাজ তাঁর বিলম্ব হওয়ার সবিস্তার ব্যাখ্যা দেন তাঁকে। সোহেল তাজ বলেন, একটি ‘পারিবারিক ব্যাপারসহ’ বিভিন্ন কারণে তিনি সফর সংক্ষিপ্ত করতে পারেননি। তাঁর এক আত্মীয়ের হূদ্যন্ত্রের অস্ত্রোপচার ছিল। তা ছাড়া নিজের ঘাড়ের পুরোনো সমস্যাও বাদ সাধে। বৈঠকে সোহেল তাজকে কিছুটা অসুস্থ দেখাচ্ছিল বলে লিখেছেন মরিয়ার্টি। তারবার্তায় উল্লেখ করা হয়েছে, বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পিলখানার ভেতরে ঢোকার অভিজ্ঞতা তাঁর কাছে জানতে চেয়েছিলেন রাষ্ট্রদূত মরিয়ার্টি। সাহারা খাতুন তাঁকে বলেন, তিনি পিলখানায় অস্ত্রধারী সাত-আট শ বিদ্রোহীর সঙ্গে কথা বলেছিলেন। বারবার নির্দেশ দেওয়ার পর ধীরে ধীরে শ-খানেক বিদ্রোহী জওয়ান তাঁর কাছে এসে অস্ত্র সমর্পণ করেছিলেন। সাহারা খাতুন মরিয়ার্টিকে বলেন, কীভাবে তিনি পিলখানার ভেতর থেকে সেনা কর্মকর্তাদের আটকে পড়া অসহায় পরিবারগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন। সাহারা বলেন, তিনি একজন বন্দী সেনা কর্মকর্তাকে বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। বিদ্রোহীরা সেই সেনা কর্মকর্তাকে তাঁর হাতে তুলে দিতে চাইছিলেন না। বার্তায় পাদটীকায় উল্লেখ করা হয়, সাহারা তাঁর প্রাথমিক কথাবার্তার জন্য অনেক সমালোচনার শিকার হলেও বিদ্রোহ চলাকালে একাধিকবার বিডিআর সদর দপ্তরে প্রবেশ করে লক্ষণীয় সাহসের পরিচয় দিয়েছেন।