তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী ওরফে সজীব (২৬) হত্যার ঘটনায় সিলেটে ‘সমিঞ্চলিত সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ নামে একটি মোর্চা গঠিত হয়েছে। গত সোমবার রাতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হককে সভাপতি, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহিদ লস্করকে সাধারণ সম্পাদক ও জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদকে সমন্বয়কারী মনোনীত করে এই কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিরোধ কমিটি প্রথম সভা করে। আজ বুধবার তারা নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে প্রথম সমাবেশ আহ্বান করেছে। কমিটির আহ্বায়ক আ ন ম শফিকুল হক প্রথম আলোকে বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সন্ত্রাস কখনো কাম্য হতে পারে না। সন্ত্রাসীরা যাতে তাদের অপকর্মে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য সমাবেশ আহ্বান করা হয়েছে। সমাবেশ থেকে মেহরানের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরানকে ৯ ডিসেম্বর রাতে সিলেট নগরের শিবগঞ্জের বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মীসহ ১০ জনের নামোল্লেখ করে মেহরানের বাবা সিলেট মহানগরের শাহপরান থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের নয় দিন পরও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। মামলায় অভিযুক্ত হওয়ায় ছাত্রদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দল জরুরি সভা করে শাহপরান থানা জাসাসের আহ্বায়ক একরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুল খালিক ওরফে মিল্টন, ছাত্রদলের কর্মী টিটন মল্লিক ও ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়।