নওগাঁ গাঁজা উৎপাদনকারী (অংশীদার) পুনর্বাসন সমবায় সমিতির পরিচালনার দায়িত্ব নির্বাচিত কমিটির কাছে হস্তান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গাঁজা সোসাইটি সম্পদ রক্ষা কমিটির ব্যানারে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের সামনে অবস্থান শেষে গাঁজা সোসাইটি সম্পদ রক্ষা কমিটির নেতারা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা সমবায় কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় থেকে মিছিল নিয়ে রক্ষা কমিটির সদস্যরা উপজেলা সমবায় কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে সমবায় কর্মকর্তা সালাহ উদ্দিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দেন।
পরে মিছিল নিয়ে তাঁরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল কাদের সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ময়নুল হক মুকুল, গাঁজা সমবায় সমিতির সাবেক পরিচালক ইমদাদুল হক, সাজ্জাদ আলম প্রমুখ। বক্তারা বলেন, গাঁজা সমবায় সমিতির কয়েক শ কোটি টাকার সম্পদ রক্ষার স্বার্থে অবিলম্বে সমিতি পরিচালনার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিতে হবে। আর এ জন্য শিগগির সমিতির অংশীদারদের তালিকা হালনাগাদ করতে হবে।
পরে নেতারা ডিসি আমিনুর রহমানের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের কাছে তাঁদের স্মারকলিপি দেন। আমিরুল ইসলাম বর্তমানে গাঁজা সোসাইটি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য গঠিত অ্যাডহক (অস্থায়ী) কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, এই সমিতি পরিচালনার দায়িত্ব সমিতির অংশীদারদের ওপর ন্যস্ত না করে নয় বছর ধরে বিধিবহির্ভূতভাবে তিনজন সরকারি কর্মকর্তার সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এর ফলে সমিতির কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হচ্ছে।
রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল কাদের সিদ্দিক বলেন, ‘দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে সমিতির ছয় হাজার সদস্য নিয়ে ডিসি অফিস ঘেরাও করা হবে। রাস্তা বন্ধ করে শহর অচল করে দেওয়া হবে।’