সমিতির নামে সওজের জমি দখলের অভিযোগ
যুবকল্যাণ সমিতির নামে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও সওজ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ব্রাহ্মণবাজারের পশ্চিম বাজার এলাকায় সওজের ২৪ শতাংশ জায়গা আছে। স্থানীয় জালালাবাদ মৌজার ওই জায়গাটি কয়েক বছর আগে সওজ অধিগ্রহণ করে। গত বছরের ২৮ নভেম্বর রাতে স্থানীয় কয়েকজন ওই জায়গায় টিন ও বাঁশ দিয়ে লম্বা একটি ঘর তৈরি করেন। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ওরফে শাহীন। খবর পেয়ে সওজ ও পুলিশ কর্মকর্তারা পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত ২ ডিসেম্বর সওজ অবৈধ দখলদারদের উচ্ছেদে ইউএনও ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন দেয়।সম্প্রতি সরেজমিন দেখা গেছে, কুলাউড়া-মৌলভীবাজার সড়ক ঘেঁষে গড়ে তোলা লম্বা ওই ঘরটিতে আটটি কক্ষ করা হয়েছে। ঘরের সামনে ‘যুবকল্যাণ সমিতি’ নামে একটি সংস্থার সাইনবোর্ড ঝুলছে। সাইনবোর্ডে সংস্থাটির কোনো নিবন্ধন নম্বর উল্লেখ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থাটির সভাপতি ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র শর্মা। সওজ বিভাগের কুলাউড়া শাখার উপবিভাগীয় প্রকৌশলী অনিল চন্দ্র দত্ত বলেন, ‘দখলকৃত জায়গাটির মালিকানা দাবি করে স্থানীয় একাধিক ব্যক্তি কয়েক বছর আগে আদালতে স্বত্ব মামলা করেন। এসব মামলা বিচারাধীন। নথিপত্রে জায়গাটি সওজের।’যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমরেন্দ্র শর্মা বলেন, ‘অন্য লোকজন জায়গাটি দখলের চেষ্টা করেছিল। তাই কয়েকজন মিলে সমিতির নাম দিয়ে জায়গাটি দখল করেছি।’ তিনি জানান, তাঁদের সমিতি এখনো নিবন্ধনভুক্ত হয়নি। যুবলীগ নেতা সাইফুর রহমান বলেন, ‘নিজের এলাকার সমিতি। ঘর ওঠানোর সময় সহযোগিতা করেছি।’কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদককে অবৈধ স্থাপনা সরাতে নোটিশ দিয়েছি। এ ছাড়া উচ্ছেদের জন্য আদালতের নির্দেশ আনতে সওজ বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।’