সমিতির নামে ১০ লাখ টাকা নিয়ে উধাও, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মায়ের দোয়া বহুমুখী ব্যবসায়ী কল্যাণ সমিতির গ্রাহকেরা বৃহস্পতিবার কাঁচপুরে বিক্ষোভ করেছেন। ওই প্রতিষ্ঠানের মালিকেরা গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সমিতির গ্রাহকেরা জানান, কাঁচপুরের সোনাপুর এলাকার মাহাবুব হোসেন নামের এক ব্যবসায়ী বেশি মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে ওই সমিতির নামে কয়েক শ গ্রাহকের কাছ থেকে ২০ টাকা থেকে শুরু করে এক লাখের বেশি টাকা পর্যন্ত জমা নেন। গত ডিসেম্বরে সমিতির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার সময় ঘনিয়ে এলে ওই প্রতারক চক্র ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। গ্রাহকেরা সমিতির ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব হোসেন ও সমিতির অন্য কর্মকর্তাদের এক মাস ধরে খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সমিতির শতাধিক গ্রাহক বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বিক্ষোভ করে সমিতির কার্যালয় ঘেরাও করেন।গ্রাহক সবুজ মিয়া বলেন, ‘প্রতারক মাহাবুব ও তাঁর সহযোগী বাবুল সমিতির নামে আমাদের কাছ থেকে প্রায় এক বছর পর্যন্ত জমানো ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন। আমাদের মধ্যে অনেক গরিব ও অসহায় গ্রাহক রয়েছেন। আমরা পাওনা টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’গ্রাহক শাহা আলম ও আলমাছ মিয়াও একই কথা বলেন। এ ব্যাপারে মাহাবুব হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।