সমিতির ৪৩ লাখ টাকা নিয়ে সহসভাপতি লাপাত্তা!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রূপালী বহুমুখী সমিতির সহসভাপতি ও নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন চৌধুরী সদস্যদের ৪৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।গত ডিসেম্বরে উপজেলা সমবায় কার্যালয় থেকে সমিতির নিরীক্ষা (অডিট) শুরু হলে সমিতির নারায়ণপুর বাজার শাখার কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন আলমগীর।এ ঘটনায় সমিতির সভাপতি আবুল কালাম গত জুলাই মাসে জেলা বিচারিক হাকিম আদালতে আলমগীরের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। আবুল কালাম প্রথম আলোকে বলেন, সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্দেশ্যে ২০০৭ সালের এপ্রিলে রূপালী বহুমুখী সমিতি প্রতিষ্ঠা করা হয়। উপজেলা সদরে ও উপজেলার নারায়ণপুর বাজারে সমিতির দুটি শাখা রয়েছে। গত সাড়ে চার বছরে সমিতির দুটি শাখায় ৪৫১ জন সদস্যের কাছ থেকে ৬৩ লাখ ২২ হাজার ৬৯৩ টাকার আমানত সংগ্রহ করা হয়। এর মধ্যে নারায়ণপুর বাজার শাখায় সংগৃহীত আমানতের পরিমাণ ৪৩ লাখ টাকা। সমিতির সহসভাপতি আলমগীর ৪৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছেন আদালত। সমিতির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বুধবার দুদকের তদন্ত দল নারায়ণপুর বাজার শাখা কার্যালয়ে গিয়ে কাউকে পায়নি। ১০ মাস ধরে কার্যালয়টি তালাবদ্ধ।সমিতির একাধিক সদস্য প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে ৫০ হাজার থেকে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত আমানত নেওয়া হয়। ওই সময় বলা হয়, প্রতি লাখে তাঁদের মাসে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দেওয়া হবে। সমিতির সদস্যদের সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে নিরীক্ষা কার্যক্রম শুরু হলে রাতের অন্ধকারে কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন ওই কার্যালয়ের ব্যবস্থাপক আলমগীর। ১ অক্টোবর সমিতির সদস্যরা তাঁকে গ্রামের বাড়ি থেকে কৌশলে মতলবে আনেন। ওই দিন বিকেলে উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলমের উপস্থিতিতে মতলব বাজারের একটি মাদ্রাসায় বৈঠক হয়। সেখানে আলমগীর অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন এবং এক মাসের মধ্যে সদস্যদের সব টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় দেড় শ টাকার স্ট্যাম্পে সই করেন তিনি। কিন্তু ওই দিনের পর থেকে আলমগীর আবারও গা ঢাকা দেন। সমিতির হুরমহিষা গ্রামের সদস্য গোলাম মোস্তফা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ২০০৮ সালে দুই কিস্তিতে তিনি এক লাখ ১৭ হাজার ৫০০ টাকা নারায়ণপুর বাজার শাখায় জমা দেন। তখন প্রলোভন দেখানো হয়, এক লাখ টাকায় প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা পাওয়া যাবে। কিন্তু এখন আসল টাকা ফেরত পাওয়া যাবে কি না ঠিক নেই। আধারা গ্রামের সদস্য শহীদুল ইসলাম বলেন, ২০০৯ সালে ওই সমিতিকে তিন লাখ টাকা দিয়ে এ পর্যন্ত এক টাকাও মুনাফা পাননি তিনি।বৈঠকে উপস্থিত থাকার সত্যতা নিশ্চিত করে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফারুক আলম প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি সুরাহার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যবস্থাপক আলমগীর প্রতিশ্রুতি রক্ষা করেননি। এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁর কার্যালয়ে সমিতির নিবন্ধনের সত্যতা নিশ্চিত করে সমবায় কর্মকর্তা বলেন, তাঁর কার্যালয় সমিতির নিবন্ধন দিয়ে থাকে মাত্র। অর্থ-সংক্রান্ত ব্যাপারে সমিতির ওপর তাঁদের নিয়ন্ত্রণ থাকার সুযোগ নেই। তবে তাঁরা বছরে একবার সমিতির আয়-ব্যয়ের নিরীক্ষা করে থাকেন।সমবায় অধিদপ্তর চাঁদপুর অঞ্চলের উপপরিচালক আবু ইউসুফ বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’সমিতির সহসভাপতি আলমগীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।