সমীকরণ থিয়েটারের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন নির্মাণশ্রমিক মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পান পুরোনো একটি ট্রাংক। মুহূর্তেই হইহই পড়ে যায়। এ-কান ও-কান ছড়িয়ে খবর চলে যায় প্রশাসনে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও জমির মালিকপক্ষ। ট্রাংক নিয়ে শুরু হয় জল্পনা। কেউ বলে এতে আছে সোনা, কেউ বলে আছে মিণরত্ন। এ নিয়ে তুমুল তর্ক। তখন সেখানে আসে এক পাগল। পাগলই ভাঙে আসল রহস্য—সে জানায়, ট্রাংকে আছে মুক্তিযুদ্ধের দলিল ও পতাকা। আর সেই পাগল মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক।
এ কাহিনি সমীকরণ থিয়েটারের প্রযোজনা ট্রাংক রহস্য পথনাটকের। ২৩ জানুয়ারি সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সংগঠনের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে নাটকটি মঞ্চস্থ হয়। এটি ছিল নাটকটির ২০০তম মঞ্চায়ন। নির্দেশক ছিলেন আলোক মাহমুদ। রচনা করেন স্বপন ভট্টাচার্য। অভিনয় করেন জাফর আহমেদ, আশিকুর রহমান, বিপ্লব ভট্টাচার্য, শরীফ আহমেদ, ফাহিম, আসাদ, নোবেল, অলোক মাহমুদ ও হিমাদ্রী রাহা।
১৯৮৫ সালে যাত্রা শুরু করে সমীকরণ থিয়েটার। সংগঠনের নাট্যচর্চার ৩০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি দুই দিনব্যাপী উৎসব শুরু হয়। ‘মুক্তচিন্তার সপক্ষে উচ্চারিত হোক নাটকের প্রতিটি সংলাপ’—এই স্লোগানে আয়োজিত উৎসবে ছিল আবৃত্তি, গান, নৃত্য, পথ ও মঞ্চনাটক।
প্রথম দিন বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্য উৎসব উদ্বোধন করেন নাট্যকর্মী মো. শফি। উদ্বোধন ঘোষণার পর বেলুন উড়িয়ে ও ঢাকঢোল পিটিয়ে শুরু হয় উৎসব। শুরুতে শোয়েবুল করিম নিজের লেখা ও সুরে গান পরিবেশন করেন। এরপর নির্মাণ আবৃত্তি অঙ্গন পরিবেশন করে কাব্য শ্রুতিনাট্য নাগ বাঁশি। নাচ করেন অপরাজিতা চক্রবর্তী। সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় সমীকরণ থিয়েটারের ১৬তম প্রযোজনা নাটক ময়না।
উৎসবের শেষ দিনে বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে সৌভিক চৌধুরীর একক আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর গান শোনান শোভন সরকার। আবৃত্তি করেন হিমাদ্রী রাহা ও ইমরানুল হক। আবৃত্তির পর আবার গান গেয়ে শোনান সঞ্জু কুমারনাথ। এরপর স্বাধীন সাংস্কৃতিক একাডেমির যাত্রাপথ, বিন্দু বিকাশ থিয়েটারের খ্যাতির বিড়ম্বনা ও থিয়েটার ওয়ার্কশপের ৭১ এর তেলাসমাতি মঞ্চস্থ হয়।