পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে পাবনার রূপপুরে দুই বছর মেয়াদি সমীক্ষা শেষ হয়েছে। সমীক্ষা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে। সরকার ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির (থ্রি-প্লাস জেনারেশন) রি-অ্যাক্টর স্থাপনের সিদ্ধান্তও রাশিয়াকে জানিয়ে দিয়েছে। তবে এখনো প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়নি। এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলেছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২০১৬ সালের মধ্যে প্রকল্প এলাকায় সাধারণ নির্মাণকাজ শেষ হবে। এরপর শুরু হবে রি-অ্যাক্টরসহ মূল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ। ২০২২ সালে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সেই লক্ষ্যে রি-অ্যাক্টরের নকশা প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর চলতি বছরেই দুই দেশের মধ্যে মূল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই হবে।
এসব তথ্য জানিয়েছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাতোমের সহযোগী প্রতিষ্ঠান এআইএইপির ভাইস প্রেসিডেন্ট ম্যাকসিম ভি ইলচিশেভ। রূপপুর প্রকল্পের দায়িত্ব নিয়ে নতুন আসা এই কর্মকর্তা গতকাল শনিবার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর নিকোলায়েভ ও রোসাতোমের জনসংযোগ বিভাগের প্রধান দেমেনস্তোভা নিনা উপস্থিত ছিলেন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রোসাতোমের পক্ষ থেকে বলা হয়েছে, সমীক্ষা শেষে প্রযুক্তি চূড়ান্ত করার পরই প্রকল্পের ব্যয় সম্পর্কে বলা যাবে। তবে ম্যাকসিম গতকাল সাংবাদিকদের বলেছেন, ব্যয়ের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলেছে। এ পর্যায়ে তিনি বিষয়টি নিয়ে কিছু বলতে চান না।
ম্যাকসিম বলেন, সমীক্ষার ফলাফল অনুযায়ী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কোনো সমস্যা নেই। সেদিক দিয়ে প্রকল্পের সূচনা বেশ ভালো হয়েছে। আর বাংলাদেশ যে প্রযুক্তি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে (ভিভিইআর ১২০০) তা যেমন নিরাপদ, তেমনি আর্থিক দিক দিয়ে সাশ্রয়ী। রাশিয়ার নোভোভরোনেঝ বিদ্যুৎকেন্দ্রে এই প্রযুক্তির রি-অ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির রি-অ্যাক্টর ৬০ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করবে। তবে রাশিয়া ‘ভিভিইআর ১২০০ টিওআই’ প্রযুক্তি নেওয়ার জন্য সুপারিশ করেছিল। কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি।
রূপপুর প্রকল্পের মূল চুক্তি সইয়ের সময় রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন কি না, সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কো সফরের সময় প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণও করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন যথাসময়ে এই দেশ সফর করবেন। তবে প্রেসিডেন্টের সফরের জন্য অনেক রকম প্রস্তুতি দরকার হয়। রাশিয়া কোনো ‘পলিটিক্যাল টুরিজম’-এ বিশ্বাস করে না।