সমুদ্র অধিকার প্রতিষ্ঠায় ভারত-মিয়ানমারের সঙ্গে সম্পর্কের চিড় ধরেনি: প্রধানমন্ত্রী

মামলা করে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা করা হলেও প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্কের চিড় ধরেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আলোচনা বা বন্ধুত্বের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। স্থলসীমান্ত চুক্তি ভারতের লোকসভা ও রাজ্যসভায় অনুমোদিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রতি আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ মঙ্গলবার এসব কথা বলেন শেখ হাসিনা। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনা বা বন্ধুত্বের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সমুদ্রে অধিকার নিশ্চিত করতে ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক আদালতে মামলার রায় পেয়েছি। প্রতিবেশী দেশের সঙ্গে মামলা করে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা করলেও তাদের সঙ্গে সম্পর্কের এতটুকু চিড় ধরেনি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য, ভারতের জনগণ, সোনিয়া গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সীমান্ত চুক্তি সম্পাদনের ফলে ছিটমহলবাসী নাগরিকত্ব ও নিশ্চিত জীবনের নিশ্চয়তা পেয়েছে। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও ছিটমহলবাসী তা পায়নি। ৪০ বছর তারা নাগরিকত্ব, স্বাধীনতাবিহীন অনিশ্চিত জীবনযাপন করে আসছিল। এ চুক্তি অনুমোদনের মাধ্যমে তারা নাগরিক অধিকার, ভোটের অধিকার তথা মৌলিক অধিকার ভোগ করার সুযোগ পাবেন। ইতিমধ্যে ছিটমহলবাসীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এ স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর করে গেলেও এত দিন তা বাস্তবে রূপ নেয়নি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেকে আগেই এ চুক্তি বাস্তবায়িত হতো। বঙ্গবন্ধু শুধু চুক্তিই করেননি। তিনি এর জন্য আইনও করে গিয়েছিলেন। পাশাপাশি তিনি সমুদ্র সীমানা আইনও সম্পাদন করে গিয়েছিলেন। যার কারণে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।