সমুদ্র অর্থনীতি নিয়ে ভারতের সঙ্গে প্রথম বৈঠক আজ
ভারতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবহারে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সমুদ্র অর্থনীতিবিষয়ক যৌথ কারিগরি কমিটির প্রথম বৈঠক আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সুজাতা মেহতা সে দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সুমদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর সাগরের সম্পদ কীভাবে আহরণ ও ব্যবহার করা যায়, তা নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে চাইছে। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশের সক্ষমতার অভাব আছে। তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকায় ভারতের সঙ্গে বৈঠকটি হচ্ছে।