সমুদ্র অর্থনীতিতে ঢাকা-দিল্লি সহযোগিতা বৈঠক মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রকে ঘিরে অর্থনীতিতে (ব্লু ইকোনমি) সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা আগামী মার্চে ঢাকায় আলোচনায় বসছেন। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে এ বিষয়ে দুই দেশের মধ্যে কীভাবে সহযোগিতা প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে আলোচনা করবে যৌথ টাস্কফোর্স।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। গত সোমবার ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় শহীদুল হকের।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শহীদুল হক সাংবাদিকদের কাছে ওই বৈঠক নিয়ে সন্তোষও প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার পর এ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে যে টাস্কফোর্স গঠিত হয়েছে, তার প্রথম বৈঠক মার্চে ঢাকায় হবে। সমুদ্রকে ঘিরে সহযোগিতার সম্ভাবনা অপার। দুই দেশই এ থেকে উপকৃত হবে।
গত বছরের ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই দেশ সমুদ্রকে ঘিরে অর্থনীতি ও সামুদ্রিক খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করে। ওই সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য দুই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
শহীদুল হক বলেন, সোমবারের বৈঠকে তাঁরা নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, শিল্প, বিদ্যুৎ, পানিসম্পদের ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধ দমন, ভিসা সমস্যা ইত্যাদি বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করেন।
পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কথা হলেও তিস্তা চুক্তি বিষয়ে পররাষ্ট্রসচিব স্পষ্ট করে কিছু বলেননি। বাংলাদেশ প্রতিনিধিদলের একটি সূত্র অবশ্য প্রথম আলোকে জানিয়েছে, তিস্তা নিয়ে কিছু বলার সময় এখনো আসেনি। এ নিয়ে তাড়াহুড়াও নেই। ভারতের আশ্বাসে বাংলাদেশ সন্তুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরও ভরসা আছে।
চারদেশীয় যান চলাচল চুক্তি নিয়েও দুই পররাষ্ট্রসচিব আলোচনা করেছেন। এ ক্ষেত্রে অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। নেপাল এই উদ্যোগ অনুমোদন করেছে। ভুটানেও আলোচনা চলছে।
পররাষ্ট্রসচিব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষ সচিব অমরজিৎ সিংয়ের সঙ্গে গতকাল বৈঠক করেন শহীদুল হক। দোভালের সঙ্গে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশে ব্লগার হত্যা, জঙ্গি মোকাবিলার পাশাপাশি আইএস প্রসঙ্গও এসেছিল।
শহীদুল হক অবশ্য বলেন, আইএস নিয়ে দোভাল তাঁর কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের ক্ষেত্রে ‘জিরো টলারেন্সের’ কথা বারবার বলেছেন। সেই মনোভাবের বদল সরকারের ঘটেনি।