
ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে জাতীয়, উপ-আঞ্চলিক এবং আঞ্চলিক পর্যায়ে কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্লু-ইকোনমির বাস্তবায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি মনে করি, নীতি প্রণয়নের জন্য আইওএনএস একটি ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে।’ ভূ-কৌশল ও ভূ-অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন আবদুল হামিদ। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ২০১৬-১৮ সালের জন্য আইওএনএসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এবং বিদায়ী চেয়ারম্যান অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল টিম ব্যারেট অনুষ্ঠানে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ১৩টি সদস্য দেশের নৌবাহিনীর প্রধান, ৩১টি দেশের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনী নিরাপত্তা সংস্থার প্রধানেরা।