সমুদ্র উপকূলের ভাঙন রোধ করবে 'কস্তুরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকায় প্রতিবছর প্রচুর অর্থ ব্যয়ে মাটির বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায়ই বাঁধ ভেঙে তলিয়ে যায় লোকালয়। উপকূলীয় ভাঙন রোধে টেকসই ব্যবস্থা হতে পারে ঝিনুককে (ওয়েস্টার, স্থানীয়ভাবে কস্তুরা নামে পরিচিত) কাজে লাগিয়ে প্রাকৃতিক বেষ্টনী তৈরি করা। এসব বিষয়ে মত দিয়েছেন গবেষকেরা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘উপকূলীয় ভাঙন রোধে কস্তুরা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘উপকূলীয় অঞ্চল অধিকতর সম্ভাবনাময়। কিন্তু উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব টেকসই জৈবিক উদ্ভাবন প্রয়োজন। এ গবেষণা উপকূলের বাসিন্দাদের নিরাপত্তা বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি করবে বলে আশা করি।’
সেমিনারে জানানো হয়, নেদারল্যান্ডসের ওয়াহেনিনগেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন রিসোর্স অ্যান্ড ইকোসিস্টেম স্টাডিজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে উপকূলীয় ভাঙন রোধে টেকসই ও প্রতিবেশবান্ধব জৈবপ্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে আসছে। এ-সংক্রান্ত গবেষণাপত্র উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরী।
শাহ্ নেওয়াজ চৌধুরী বলেন, ওয়েস্টার বা কস্তুরা নামের সামুদ্রিক জীব বিভিন্ন ধরনের শক্ত অবলম্বনের সঙ্গে সংযুক্ত হয়ে প্রাচীর তৈরি করে। এটি উপকূল রক্ষায় নির্মিত বাঁধের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। পাশাপাশি উপকূলে বছরে সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত পলি জমাতে সক্ষম, যা নতুন চরাঞ্চল সৃষ্টি করতে পারে। তিনি বলেন, কস্তুরা দিয়ে নির্মিত প্রাচীর ৩৪ প্রজাতির মাছ, ১১ প্রজাতির কাঁকড়া, ১৬ প্রজাতির চিংড়ি, ৩৫ প্রজাতির শামুক বা খোলসজাতীয় প্রাণীর উপযুক্ত আবাস্থল তৈরি করে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন নেদারল্যান্ডসের ওয়াহেনিনগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদ স্মাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. সফিউল আলম, আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান প্রমুখ।