সাগরে মাছের প্রজনন এলাকায় ছোট মাছ নির্বিচারে আহরণ করার কারণে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। সঠিক পরিকল্পনা নিয়ে সমুদ্র থেকে মৎস্য আহরণ না করলে আমাদের সমুদ্র এলাকা থাইল্যান্ডের মতো মৎস্যশূন্য হয়ে পড়বে।
গতকাল শনিবার চট্টগ্রাম নেভাল একাডেমী মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, নির্বিচারে মৎস্যসম্পদ আহরণ করলে একসময় মৎস্যশূন্য হয়ে পড়বে দেশীয় জলসীমা। ১৯৮৬ সালের পর ব্যাপকভিত্তিক জরিপ পরিচালিত হয়নি। হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৎস্য আহরণের জন্য একটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় আগামী মার্চের মধ্যে জরিপ জাহাজ আনা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। এতে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খোরশেদ আলম (অব.), কোস্টগার্ডের মহাপরিচালক এম এম মকবুল হোসেন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বক্তৃতা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন।
কারিগরি অধিবেশনে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও নোয়াখালী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।