সমুদ্র এলাকার সম্পদ সুরক্ষায় কমিশন গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমুদ্র এলাকার নিরাপত্তা ও সমুদ্রের সম্পদের সুরক্ষায় জাতীয় মেরিটাইম কমিশন গঠনের প্রস্তাব করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায়ের পর মিয়ানমারের নৌবাহিনীর গতিবিধি পর্যালোচনা করে নৌবাহিনীর জাহাজের টহলব্যবস্থা এবং সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। তারা নৌবাহিনীকে মেরিন, সাবমেরিন ও মেরিটাইম বিমানবাহিনীতে বিন্যস্ত করে আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা এবং এর মৎস্য, তেল ও গ্যাসসহ অন্যান্য সম্পদের সুরক্ষা, মেরিটাইম নীতিমালা প্রণয়ন, গবেষণা ইত্যাদি কাজের জন্য একটি জাতীয় কমিশন গঠনের প্রয়োজন আছে বলে কমিটি মনে করে। তবে ফ্রিগেট ও সাবমেরিন কেনার মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী গঠন করার মতো আর্থিক সংগতি এ মুহূর্তে বাংলাদেশের নেই। বরং অন্য উপায়ে কীভাবে নৌবাহিনীকে শক্তিশালী করা যায় এবং এ জন্য আগামী পাঁচ বছরে কী করণীয়, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। নৌবাহিনীর লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, অর্জিত সমুদ্র এলাকার সুরক্ষায় ও মিয়ানমারের নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে নৌবাহিনীর জাহাজগুলোর মোতায়েন নতুন করে বিন্যাস করা হয়েছে। পাশের দেশের নৌযানের অবৈধ অনুপ্রবেশ, মাছ শিকার এবং যেকোনো দেশের অপতৎপরতা রোধে নৌবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। মিয়ানমারসংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব এবং সেখানকার পর্যটক ও জনগণের নিরাপত্তায় নৌবাহিনীর জনবল বাড়ানো হয়েছে। নৌবাহিনীর সুপারিশে বিশাল সমুদ্র এলাকায় নজরদারির জন্য মেরিটাইম বিমান কেনা, বাজেটে বরাদ্দ বড়ানো ও সমুদ্রের সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে মেরিটাইম নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে। এ ছাড়া সমুদ্রের তলদেশের সম্পদ আহরণ এবং এ-সংক্রান্ত গবেষণা ও জরিপের জন্য সমুদ্র গবেষণা জাহাজ সংগ্রহের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় মেরিটাইম ইনস্টিটিউট ও সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপনের কথা বলা হয়েছে। সুপারিশ সম্পর্কে ইদ্রিস আলী বলেন, এখনই ব্যয়বহুল প্রকল্পে না গিয়ে নৌবাহিনীর নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। সে জন্য খুলনার শিপইয়ার্ডে প্যাট্রল ক্র্যাফট নির্মাণের উদ্যোগ নিতে হবে। সমুদ্রে পর্যবেক্ষণব্যবস্থাও উন্নত করতে হবে।ইদ্রিস আলীর সভাপতিত্বে বৈঠকে মুজিবুল হক, রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের কোরাইশী ও এম এ মান্নান এবং সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান ও সেনা, নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।