সমুদ্র এলাকায় টহল জোরদার করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রসীমায় টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।
গতকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ওই সাক্ষাতে নৌবাহিনীপ্রধান এম ফরিদ হাবিব লেবানন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে তাঁর সাম্প্রতিক সফর সম্পর্কে তাঁকে অবহিত করেন। রাষ্ট্রপতিকে তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনী লেবানন ও সিঙ্গাপুরে অনুশীলন করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি জাহাজ দিয়েছে। ‘সমুদ্র জয়’ নামের জাহাজটি আগামী ২৯ সেপ্টেম্বর সানফ্রান্সিসকো থেকে দেশের উদ্দেশে যাত্রা করবে। বাংলাদেশের সমুদ্রসীমায় টহল জোরদার করবে জাহাজটি।
রাষ্ট্রপতি দেশের সমুদ্রসীমায় টহল জোরদার করার জন্য নৌবাহিনীর প্রতি আহ্বান জানান এবং সমুদ্রপথে চোরাচালান বন্ধে কোস্টগার্ড বাহিনীকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সাক্ষাতের আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। রেড ক্রিসেন্টের কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করে দলটি। রাষ্ট্রপতিও এ সময় সোসাইটির সেবামূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।