সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান গতকাল বুধবার তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি আম্বিয়ার বিরুদ্ধে এক কোটি ১৩ লাখ ১০ হাজার ৪৬২ টাকার সম্পদের তথ্য গোপন রাখা এবং জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৬৩৬ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে ডবলমুরিং থানায় মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শফিউল আলম গত বছরের ১০ মে এই মামলা করেন। আদালত সূত্র জানায়, মামলা হওয়ার পর আসামি আম্বিয়া হাইকোর্ট থেকে আট মাসের আগাম জামিন লাভ করেন। এর মধ্যে দুদক গত ৭ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গতকাল মামলাটি আমলে নেওয়ার শুনানির দিন ধার্য ছিল। একই সঙ্গে হাইকোর্টের জামিনের মেয়াদও শেষ হলে আসামি আম্বিয়া গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদক সূত্র জানায়, আসামি আম্বিয়ার বিরুদ্ধে আরও দুটি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন আছে। নাবিক নিয়োগে অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাগুলো হয়। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত তিন কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৬৮ টাকার সম্পদ অর্জন এবং পাঁচ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪৮৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাঁর স্ত্রী দেলোয়ারা খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সল পাশা প্রথম আলোকে বলেন, ‘একটি মামলায় আসামি আম্বিয়ার জামিন নামঞ্জুর হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও দুটি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা আমরা তদন্ত করছি। তদন্তে মামলাগুলোর বেশ অগ্রগতি হয়েছে।’