সমুদ্র পরিবহন অধিদপ্তরের ডিজির শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা কাস্টম হাউসের কমিশনার এস এম হুমায়ুন কবিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমোডর জোবায়ের আহমেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই দাবি জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জোবায়ের আহমেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে কালো ব্যাজ ধারণ, কলম বিরতিসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুমকি দেওয়া হয়।অভিযোগ রয়েছে, ২১ অক্টোবর চট্টগ্রামে সমুদ্র পরিবহন অধিদপ্তরে এক সভায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবির যোগ দেন। সেখানে অধিদপ্তরের ডিজি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে হুমায়ুন কবির স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং নিজ অ্যাসোসিয়েশনকেও বিষয়টি অবহিত করেন।এর পরিপ্রেক্ষিতে গতকাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই ঘটনার তীব্র নিন্দা, জরুরি ভিত্তিতে আন্তমন্ত্রণালয় তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে কমোডর জোবায়েরের সভাপতিত্বে বা উপস্থিতিতে কোনো ধরনের সভায় জাতীয় রাজস্ব বোর্ডের কোনো প্রতিনিধিকে না পাঠানোর জন্য বোর্ডের প্রতি অনুরোধ জানানো হয়।তবে, জোবায়ের আহমেদ মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয়। তবু ভুল-বোঝাবুঝি হয়ে থাকলে সেটা দুজনের মধ্যেই সমাধান হওয়া উচিত। তাঁর মতে, এটা প্রতিষ্ঠানেরও কিছু নয়। তাই এ নিয়ে বাড়াবাড়ি করে সরকারি দুই সংস্থার মধ্যে সম্পর্ক নষ্ট করা উচিত নয়।