অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধানমন্ত্রী
সমুদ্র বিজয়ে অর্জিত সম্পদ কাজে লাগানো হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান করেছি। সমুদ্রসীমায় আমাদের অধিকার অর্জনে সক্ষম হয়েছি। ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা হিসেবে যে সমুদ্রসীমা আদায় করেছি, তা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারব ইনশা আল্লাহ।’ খবর বাসসের।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে নিতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা এবং দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আগামী দিনের জন্য একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে একযোগে কাজ করবেন।’
‘জনগণের করের পয়সায় আমাদের বেতন-ভাতা হয়’—সদস্যদের এ কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব জনগণের কাছে তাঁদের প্রাপ্য সেবা পৌঁছে দিয়ে তাঁদের ঋণ শোধ করা। মনে রাখবেন, আমরা জনগণের শাসক নই, সেবক।’
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী।
যেকোনো রাজনৈতিক সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে এবং তাদের লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা উল্লেখ করে প্রধানমন্ত্রী অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে বলেন, ‘সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আপনাদের আন্তরিকতা, পরিশ্রম এবং কর্মদক্ষতার ওপর নির্ভর করে সরকারের গৃহীত কর্মসূচি কতটা সফলভাবে বাস্তবায়িত হবে।’
শেখ হাসিনা বলেন, বিগত সময়ের সব বঞ্চনার অবসান ঘটিয়ে তাঁর সরকার যোগ্যতা, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সব স্তরের পদোন্নতি নিশ্চিত করেছে।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যায় পর্যন্ত দুই হাজার ৬২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন সচিব ৮২ জন, অতিরিক্ত সচিব ৩৭৩ জন, যুগ্ম সচিব এক হাজার ৯৭ জন এবং উপসচিব এক হাজার ৭২ জন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে আরও কয়েক হাজার কর্মকর্তার পদোন্নতি কার্যকর করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ কমিশন তার রিপোর্ট পেশ করবে। ইতিমধ্যে ২০ ভাগ মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে।
২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা দূর করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এ লক্ষ্য অর্জনের অন্যতম বাহন হচ্ছে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে একদিকে যেমন জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত হবে, তেমনি দ্রুততম সময়ে জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়া যাবে।’