সমুদ্র সম্পদ রক্ষায় প্রয়োজন শক্তিশালী বাহিনী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সমুদ্র সম্পদ আহরণ ও রক্ষায় প্রয়োজন সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা। আর এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী সামুদ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে কোস্টগার্ডের নতুন প্রশিক্ষণ ঘাঁটি ‘সিজি বেইজ অগ্রযাত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ‘সিজি বেইজ অগ্রযাত্রা’র কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের সুবিশাল সমুদ্র এবং উপকূলীয় এলাকার জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করা কোস্টগার্ডের অন্যতম দায়িত্ব। এই বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা এবং কর্মদক্ষতার কারণে উপকূলীয় অঞ্চলে এটি আস্থা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা, দেশের অভ্যন্তরীণ জলজ সম্পদ সুরক্ষা এবং নদীপথের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কোস্টগার্ডের ভূমিকা অপরিসীম।

বেলা দুইটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে পটুয়াখালীতে পৌঁছান। এরপর সেখান থেকে সড়কপথে কোস্টগার্ডের ঘাঁটিতে যান।

১১ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে বিরোধপূর্ণ সমুদ্রসীমা নির্ধারণের উদ্যোগ নেওয়ার ফলে ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং এ বছর ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকার সম্পদের ওপর আমাদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে।’

বিগত বছরগুলোতে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ডের কর্মতৎপরতা আজ বহির্বিশ্বেও সমাদৃত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পটুয়াখালীতে নবনির্মিত পায়রা সমুদ্রবন্দরের নিরাপত্তার ক্ষেত্রেও কোস্টগার্ড অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যুতা দমন, চোরাচালানবিরোধী অভিযান, জাটকা নিধন প্রতিরোধ এবং মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ ঘাঁটি সিজি বেইজ অগ্রযাত্রার প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে কোস্টগার্ড সদস্যদের প্যারেড সালাম গ্রহণ করেন। পরে ঘাঁটির কমিশনিং ফরমান হস্তান্তর করেন এবং নামফলক উন্মোচন করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সামরিক, বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর কোস্টগার্ডের প্রশিক্ষণ ঘাঁটি ‘সিজি বেইজ অগ্রযাত্রা’ স্থাপনে ব্যয় হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা। এ ঘাঁটিতে ১৯টি ভবন ও সাতটি স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, কমান্ড্যান্ট বাংলো, অফিসার্স মেস, অফিসার্স বাসভবন। রয়েছে নাবিকদের বাসস্থান, প্যারেড গ্রাউন্ড, এমটি শেড ও খেলাধুলার মাঠ।