সমুদ্রগামী জাহাজে কর্মসংস্থান বাড়ছে
সমুদ্রগামী জাহাজে বাংলাদেশি নাবিক ও কর্মকর্তাদের কর্মসংস্থান বাড়ছে। গত অর্থবছরে (২০১১-২০১২) দেশি ও বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে মোট পাঁচ হাজার ৭৬৪ জনের কর্মসংস্থান হয়েছে। এই অর্থবছরে বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) বাবদ আয় হয়েছে মোট ৪৬১ কোটি ৫০ লাখ টাকা।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি নাবিকদের চাহিদা বাড়ছে। বাংলাদেশ মেরিন একাডেমি থেকে প্রতিবছর উত্তীর্ণ হন ২০০ ক্যাডেট। তাঁদের বেশির ভাগই পাস করে বের হওয়ার মাস খানেকের মধ্যে সমুদ্রগামী বিদেশি জাহাজে কর্মকর্তা হিসেবে যোগ দেন। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাডেটদেরও চাহিদা রয়েছে। তবে সরকারি পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলে এবং ভিসা-জটিলতা নিরসন করা সম্ভব হলে নাবিক ও কর্মকর্তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। চট্টগ্রামের সরকারি সমুদ্র পরিবহন (শিপিং) কার্যালয়ের তথ্যমতে, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত দেশি-বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে মোট পাঁচ হাজার ৭৬৪ জনের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নাবিক (সি-ম্যান) পদে এক হাজার ৮৪৯ জন এবং কর্মকর্তা পদে তিন হাজার ৯১৫ জন নিয়োগ পান। এর আগে ২০১০-২০১১ অর্থবছরে এ সংখ্যা ছিল মোট চার হাজার ৮৮৫ জন।সংশ্লিষ্ট সূত্রমতে, এর মধ্যে দেশি পতাকাবাহী জাহাজে নাবিক ও কর্মকর্তা পদে মোট এক হাজার ৩০২ জন এবং বিদেশি জাহাজে মোট তিন হাজার ৫৮৩ জনের কর্মসংস্থান হয়। দেশি জাহাজে নাবিক পদে ৬৯৭ জন ও কর্মকর্তা পদে ৬০৫ জন নিয়োগ পান। অন্যদিকে বিদেশি জাহাজে এক হাজার ৪৪ জন নাবিক ও দুই হাজার ৫৩৯ জন নিয়োগ পেয়েছিলেন। নাবিক ও কর্মকর্তা উভয় পদে দেশি জাহাজের তুলনায় বিদেশি জাহাজে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেশি। গত অর্থবছরে (২০১১-২০১২) সমুদ্রগামী বিদেশি জাহাজে এক হাজার ৪০ জন ও সমুদ্রগামী দেশি জাহাজে ৮০৯ জনের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে কর্মকর্তার পদে বিদেশি জাহাজে দুই হাজার ৬০৩ জন এবং দেশি জাহাজে এক হাজার ৩১২ জনের কর্মসংস্থান হয়েছে।সরকারি সমুদ্র পরিবহন (শিপিং) কার্যালয়ের উপ-শিপিং মাস্টার জসিম উদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘গত অর্থবছরে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে মোট পাঁচ হাজার ৭৬৪ জনের কর্মসংস্থান হয়েছে। জাহাজে কর্মরতদের কাছ থেকে গত অর্থবছরে আয় হয়েছে প্রায় ৪৬১ কোটি ৫০ লাখ টাকা।’ সমুদ্র পরিবহন (শিপিং) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-২০১২ অর্থবছরে নাবিকেরা প্রায় ৭৩ কোটি টাকা বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। পাশাপাশি কর্মকর্তারা প্রায় ৩৮৮ কোটি ৫০ লাখ টাকা বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘পানামা, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে বাংলাদেশি নাবিক ও কর্মকর্তাদের চাহিদা বেশি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজেও বাংলাদেশিদের কর্মসংস্থান হচ্ছে।’ বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন বলেন, ‘সিঙ্গাপুরভিত্তিক জাহাজগুলোতে বাংলাদেশি ক্যাডেটের চাহিদা সবচেয়ে বেশি। আমাদের একাডেমি থেকে গত বছর উত্তীর্ণ ২০০ ক্যাডেটের মধ্যে প্রায় সবাই বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে যোগ দিয়েছেন।’ সাজিদ হুসাইন জানান, ১৯৬২ থেকে ২০০৮ সাল পর্যন্ত একাডেমিতে আসন ছিল মাত্র ৫০টি। পর্যায়ক্রমে এখন তা বেড়ে ২০০তে দাঁড়িয়েছে। আসনসংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমুদ্রগামী জাহাজে নাবিক ও কর্মকর্তা নিয়োগকারী প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্সের মহাব্যবস্থাপক আবদুল মতিন বলেন, ‘বিশ্বে সমুদ্রগামী জাহাজে সবচেয়ে বেশি নাবিক ও কর্মকর্তা ফিলিপাইনের। বাংলাদেশিদের প্রচুর চাহিদা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে লোক নিয়োগের জন্য বাজার খুঁজে থাকে। কর্মসংস্থান আরও বাড়াতে হলে সরকারের কূটনৈতিক উদ্যোগ বাড়াতে হবে।’আবদুল মতিন বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে আমি সমুদ্রগামী জাহাজে লোক নিয়োগের সঙ্গে জড়িত। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাস করা নাবিক ও কর্মকর্তারা এখন নিয়োগ পাচ্ছেন। ভিসা-জটিলতা ও প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানো গেলে সমুদ্রগামী জাহাজে লোক নিয়োগ অনেক বাড়বে।’