সমুদ্রগামী জাহাজে তেল সরবরাহের নীতিমালার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রগামী জাহাজে জ্বালানি তেল সরবরাহের (বাঙ্কারিং) নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। এ ব্যাপারে গতকাল বুধবার চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম জ্বালানি প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হকের কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন।বার্তায় বাঙ্কারিং নীতিমালা তৈরি করে দেশের প্রধান সমুদ্রবন্দরের সুনাম এবং সক্ষমতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ফ্যাক্সবার্তায় বলা হয়, দেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বর্তমান সরকারের ত্বরিত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ফ্যাক্সবার্তায় বলা হয়, চট্টগ্রাম বন্দরে হঠাৎ বাঙ্কারিং বন্ধ করে দেওয়ায় অনেক বিদেশি জাহাজ অন্যান্য বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে বিদেশি বন্দর থেকে জ্বালানি তেল সংগ্রহ করছে। এতে চট্টগ্রাম বন্দরের প্রতি বিদেশি জাহাজ আগ্রহ হারিয়ে ফেলবে। জাহাজ ভাড়াও বেড়ে যাবে, যা ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করবে। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বার্তায় আরও বলেন, চট্টগ্রাম বন্দরে যুগ যুগ ধরে দেশি-বিদেশি জাহাজে বাঙ্কারিং হয়ে আসছে। সম্প্রতি এ ব্যবসাকে ‘অবৈধ’ গণ্য করায় পণ্য আনা-নেওয়ায় আসা বিদেশি জাহাজগুলো এক সংকটে পতিত হয়েছে। এতে মাদারভেসেলের (বড় জাহাজ) স্থানীয় প্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। বর্তমানে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় জ্বালানি সরবরাহকারীরা আইনগতসহ নানাবিধ হয়রানির শিকার হচ্ছে।