সমুদ্রজয়ে তৃষ্ণা মিটবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সমুদ্র জয় করে এসেছে, এটা ভালো কথা। কিন্তু এতে দেশের মানুষের তৃষ্ণা মিটবে না, পেটও ভরবে না।’গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি-বিদ্যুৎ-গ্যাসের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে বলেন, মিথ্যা কথার ফুলঝুরি বন্ধ করে মানুষের মুুখে খাবার দিন। তাহলে জনরোষ থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন। তিনি বলেন, বাড়ির মহিলারা কখন ঘর থেকে বের হন— যখন তাঁদের বাসায় পানি, বিদ্যুৎ, গ্যাস ও বাচ্চার খাবার থাকে না। এগুলোর অভাবে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে। গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করতে না পারলে সরকারকে পদত্যাগ করতে আহ্বান জানান বিএনপির এই নেতা। মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকার কুইক বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছিল, সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। খবর বেরিয়েছে, এ খাত থেকে তারা ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে পানির কলসি, হারিকেন, আলু, পটোল, ঝিঙা, বেগুন ও ঝাঁটা নিয়ে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।