সমুদ্রজয়ে নামছেন বাংলাদেশের নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথমবারের মতো সরকারি আটটি জাহাজে নিয়োগ পেতে যাচ্ছেন ১৩ নারী  ক্যাডেট। বাংলাদেশ শিপিং করপোরেশনের কার্যালয়ে গতকাল সাক্ষাৎকার দিতে  এসেছিলেন এঁরা l ছবি: প্রথম আলো
দেশে প্রথমবারের মতো সরকারি আটটি জাহাজে নিয়োগ পেতে যাচ্ছেন ১৩ নারী ক্যাডেট। বাংলাদেশ শিপিং করপোরেশনের কার্যালয়ে গতকাল সাক্ষাৎকার দিতে এসেছিলেন এঁরা l ছবি: প্রথম আলো

এবার সমুদ্রগামী জাহাজে ক্যাডেট হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের নারীরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজে এক বছরের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন ১৩ জন নারী মেরিন ক্যাডেট। আগামী এক মাসের মধ্যে তাঁরা সরকারি জাহাজে ওঠার সুযোগ পাবেন।
বিএসসি সূত্র জানায়, বাংলাদেশ মেরিন একাডেমি থেকে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো ১৩ জন নারী ক্যাডেট পাঠ শেষ করেন। কিন্তু বেসরকারি কোনো শিপিং কোম্পানি তাঁদের নিয়োগে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের নির্দেশে বিএসসি এসব নারী ক্যাডেটকে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন বিএসসির আটটি জাহাজে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখায় এই নারী ক্যাডেটরা প্রশিক্ষণ পাবেন।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ শেষে এই ক্যাডেটরা মেরিন অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবেন। এরপর প্রত্যেকে তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কোম্পানির জাহাজে চাকরি করতে পারবেন। তিনি আরও বলেন, ‘জাহাজে নারীদের কাজ করার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গিই প্রধান বাধা। আমরা নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’ বাংলাদেশ মেরিন একাডেমি সূত্রে জানা গেছে, ২০১২ সালে ৪৮তম ব্যাচে প্রথম ১৬ জন নারী ক্যাডেটকে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হন। এখন দ্বিতীয় ব্যাচে ২০ জন ও তৃতীয় ব্যাচে ১৪ জন নারী ক্যাডেট পড়াশোনা করছেন।
আন্তর্জাতিক জাহাজমালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলের (বিমকো) সর্বশেষ জরিপ অনুযায়ী, বিশ্বে সমুদ্রগামী জাহাজে কর্মকর্তা ও সাধারণ নাবিক আছেন ১৩ লাখ ৭১ হাজার। তাঁদের মধ্যে কর্মকর্তার সংখ্যা ছয় লাখ ২৫ হাজার।
বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসাইন জানান, বিশ্বে জাহাজগুলোতে ২০টি দেশের আড়াই হাজার নারী কর্মরত আছেন। প্রতিবেশী দেশ ভারতে ১৯৯৯ সালে নারীরা জাহাজে কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে সেখানে প্রধান প্রকৌশলী ও ক্যাপ্টেন পদেও কাজ করছেন নারী কর্মকর্তারা।
সাজিদ হোসাইন বলেন, ‘জাহাজে কাজ করার সময় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। গত দুই বছরে তাঁদের সেভাবেই আমরা তৈরি করেছি।’ নারীদের নিয়োগ দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির হিসাবে, বর্তমানে দেশে ১৯টি বেসরকারি শিপিং প্রতিষ্ঠানের ৬০টি নিবন্ধিত জাহাজ আছে। এসব জাহাজে কোনো নারী নাবিক নেই।
বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মো. শাহ আলম এ প্রসঙ্গে বলেন, জাহাজগুলোর অবকাঠামো বা পরিবেশ নারীবান্ধব নয় বলেই বেসরকারি জাহাজমালিকেরা নারী নাবিক নিতে উৎসাহী নন।
নারী ক্যাডেট ফাহিমা আশরাফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের যোগ্যতা প্রমাণ করা। নারী নাবিকদের নিয়ে যেসব আশঙ্কার কথা বলাবলি হচ্ছে, আশা করি এক বছর পরে সেটি বন্ধ হবে। আমরা সমুদ্র জয় করতে চাই, এ নিয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র ভয় নেই।’
মেয়ের এই সুযোগ নিয়ে গর্বিত ক্যাডেট লাভলী দাসের মা রত্না দাস। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাংলাদেশের মেয়েরা এখন ট্রেন চালাচ্ছে, বিমানও চালাচ্ছে। তাহলে সমুদ্রগামী জাহাজে যাবে না কেন? তার পরও মা হিসেবে চিন্তা তো একটা আছেই।’