সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সমুদ্রপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান জানান, প্রতি সপ্তাহে দালাল চক্র টেকনাফ ও মিয়ানমার থেকে কিছু সহজ-সরল লোককে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২০-৩০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। গত এক মাসে বিজিবির জওয়ানেরা বিভিন্ন এলাকা থেকে ৫০জনের বেশি মানুষকে আটক করে থানায় সোপর্দ করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিজিবি সূত্র জানায়, গত বুধবার রাতে ট্রলারযোগে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার সময় শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানেরা ঘোলারপাড়া থেকে দালালসহ চার যুবককে আটক করেছেন। এ সময় আরও ১৫-২০ জন পালিয়ে যান। আটক ব্যক্তিরা হলেন, শাহপরীর দ্বীপ মাঝরপাড়া গ্রামের মো. আবদুল্লাহ, জালিয়াপাড়া গ্রামের জাফর আলম, নূর আহমদ ও রবিউল আলম। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, আটক ব্যক্তিদের আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।