সমুদ্রপথে পাচারের চেষ্টা! ৪৮ জনকে উদ্ধার
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য চট্টগ্রামের আবাসিক হোটেলে জড়ো করা ৪৮ ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। তাঁদের পাচার করার পরিকল্পনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে কদমতলী এলাকার চারটি আবাসিক হোটেলে র্যাবের সদস্যরা এই অভিযান চালান। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন মো. সুরুজ্জামান শামীম (৪৩) ও জহিরুল ইসলাম (৩৯)। সুরুজ্জামান ঢাকার উত্তরার ‘আল বিসমিল্লাহ ট্রাভেলস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। জহিরুল ইসলাম ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা। জহিরুল ইসলাম সুরুজ্জামানের ভাগনে বলে জানা গেছে। অভিযানের পর গতকাল রোববার দুপুরে নগরের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অবৈধভাবে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন সুরুজ্জামান।র্যাব সূত্র জানায়, সংঘবদ্ধ একটি মানব পাচারকারী চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় পৌঁছিয়ে দেওয়ার কথা বলে ৪৮ জনকে সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ আরও কয়েকটি জেলা থেকে চট্টগ্রামে এনে জড়ো করে। এঁদের বেশির ভাগ কৃষক, তাঁতি ও বেকার। এই ৪৮ জন চার থেকে দশ দিন ধরে কদমতলীর চারটি হোটেলে অবস্থান করছিলেন। ছয় দিন ধরে পাচারকারীদের গতিবিধি অনুসরণ করে গত শনিবার রাতে অভিযান চালায় র্যাব। র্যাব কর্মকর্তারা জানান, ডবলমুরিং থানাধীন কদমতলী এলাকার হোটেল ডায়মন্ড, হোটেল প্রিন্স, হোটেল কুইন ও হোটেল তৈমুরে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া সুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি একা নই, আরও অনেকে মানব পাচারের সঙ্গে জড়িত। এখানে উদ্ধার হওয়া ৪৮ জনের মধ্যে আমার লোকের সংখ্যা ১৭-১৮ জন। বাকিরা অন্য দালালদের হতে পারে।’ সুরুজ্জামান আরও বলেন, ‘বিক্রমপুরের মিজান এবং ঢাকার বকুল ও আলম সব ঠিক করেন। তাঁরাই বিদেশে লোক পাঠান। তবে আমি ১৯৯৬ সাল থেকে একাধিকবার মালয়েশিয়ায় গেছি। ২০০৭ সালে বৈধভাবে প্রায় ১০০ জনকে মালয়েশিয়ায় পাঠিয়েছি। এই প্রথম অবৈধভাবে লোক পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান সাংবাদিকদের বলেন, ‘রোববার কোনো এক সময় এই ৪৮ জনকে নিয়ে পাচারকারীদের যাত্রা করার কথা ছিল।’ উদ্ধার হওয়া মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি পেশায় তাঁতি। জমি বন্ধক রেখে ও গরু বিক্রি করে সুরুজ্জামানের হাতে দুই লাখ টাকা তুলে দিয়েছি। আমাকে সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে গত ২৮ জুন চট্টগ্রামে নিয়ে আসেন সুরুজ্জামান।’ সুরুজ্জামান অবশ্য দুই লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি প্রতিজন থেকে ২০-৩০ হাজার টাকা করে নিয়েছি। ওরা এখন বাড়িয়ে বলছে।’উদ্ধার হওয়া ৪৮ জন: যাঁদের উদ্ধার করা হয়, তাঁরা হলেন—সুমন (২৮), সোহেল (২৪), রফিকুল ইসলাম (২২), রফিকুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর আলম (২৫), রেজা (৩৫), ওসমান গণি (২২), হাবিবুর রহমান (২৬), আহাম্মদ আলী (২০), সোলাইমান (২০), সেলিম (২৪), মাজেম (২০), আল হাসালি (২১), আবদুল্লাহ (১৮), মোনাফ আলী (২১), আলী আলম (১৯), রহিছ মোল্লা (২০), আবদুল লতিফ (৩৬), মোক্তার হোসেন (২৫), সোবহান শেখ (২৮), হেলাল (২২), জয়নাল (৩৭), আবদুল মতিন (৫২), আলী শেখ (২৫), আবদুল খালেক (২২), মুমিন (২১), রাসেল আহমেদ (২৯), রফিক (২৪), হোসেন আলী (৪৬), শামীম হোসেন (২২), রফিকুল ইসলাম (২৬), হেলাল উদ্দিন (৩০), আল আমীন (২৫), ওমর ফারুক (২৪), রেজাউল করিম (৩৩), আলম (২৮), আবদুল আলীম (২২), আক্কাস আলী (২২), হারুন বিশ্বাস (২৩), সিরাজুল ইসলাম (২২), বাদল হোসেন (২৫), সাইফুল ইসলাম (২৮), লুৎফুর রহমান (২২), শেখ মো. মজিদ (৩৩), সুজন (২৮), ইউনুস আলী (১৮), ফারুক (৪১) ও মোতালেব হোসেন (২৬)।