সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধে কঠোর ব্যবস্থা চায় বায়রা
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধের জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। এ জন্য সরকার ও আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার দুপুরে বায়রা ভবনে ‘সাগরপথে অবৈধ বিদেশ যাত্রার ভয়াবহতা ও তার প্রতিকার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার সভাপতি আবুল বাসার বলেন, প্রতি মাসেই রাতের অন্ধকারে ট্রলারে-নৌকায় চেপে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজারের উপকূল থেকে মালয়েশিয়ার পথে রওনা হচ্ছেন শত শত মানুষ। মানব পাচারকারীরা সারা দেশে ফাঁদ পেতে অসহায় দরিদ্র মানুষকে এভাবে বিপদে ফেলছে। এর পরিণতি ভয়াবহ।
আবুল বাসার বলেন, কক্সবাজারে উপকূল থেকে থাইল্যান্ডের সীমান্ত হয়ে মালয়েশিয়া আড়াই হাজার কিলোমিটার নৌপথ। ট্রলার কিংবা ইঞ্জিনের নৌযান হলে এ যাত্রায় সময় লাগে আট থেকে ১০ দিন। কিন্তু একেকটি ট্রলারে ৬০ থেকে ৬০০ জন পর্যন্ত মানুষ উঠানো হয়। খাবার ও পানি নেওয়া হয় সামান্য। ফলে ট্রলার ছাড়ার কয়েকদিনের মধ্যেই খাদ্য ও পানি সংকটে এসব অনেক মানুষ নৌকায় মারা যান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে তোলার আগে জনপ্রতি ২০-৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর মাঝ সাগর বা থাইল্যান্ডের জঙ্গলে তাঁদের জিম্মি করে পরিবারের কাছ থেকে জনপ্রতি দুই থেকে তিন লাখ টাকা করে মুক্তিপণ আদায় করা হয়। কখনো কখনো ক্রীতদাস বানিয়ে তাঁদের দিয়ে মাছ ধরানো কিংবা লবণ চাষের মতো অমানবিক কাজ করানো হয় থাইল্যান্ডের দুর্গম উপকূল বা দ্বীপ এলাকাগুলোতে।
সংবাদ সম্মেলনে এভাবে মানবপাচার বন্ধে বিজিবি, র্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রচারণা কার্যক্রম ও বৈধপথে কর্মীদের বিদেশ যাওয়ার গতি বাড়াতে সরকার ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে যৌথ উদ্যোগ নেওয়াসহ নয় দফা দাবি জানানো হয়। ভয়াবহ এই মানবপাচার প্রতিরোধে সরকার ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান বায়রা সভাপতি।
বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী, মহাসচিব মনসুর আহমেদসহ কার্যনিবাহী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।