সমুদ্রপথে মানব পাচার ঠেকাতে দালালদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়ায় মানব পাচার ঠেকাতে কক্সবাজার উপকূলের দুই শতাধিক দালালকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পর্যটন মোটেল শৈবালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হব না আটক—দেব না প্রাণ, মানব পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক মতবিনিময় সভায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ দাবির পাশাপাশি নানা সুপারিশ তুলে ধরেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও কক্সবাজার সিভিল সোসাইটি যৌথভাবে এ সভার আয়োজন করে।সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক জহুরুল হক। বক্তব্য দেন প্রকৌশলী কানন পাল, নারীনেত্রী শামীম আকতার, সাংবাদিক আব্দুল কুদ্দুস, আবদুস শুক্কুর, জনশক্তি জরিপ কর্মকর্তা জহিরুল ইসলাম, কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।