সমুদ্রপথে মানব পাচার বন্ধে বিজিবি-পুলিশের বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার ঠেকাতে কক্সবাজার পুলিশ ও বিজিবি পৃথকভাবে জোর তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে গত চার দিনে পুলিশ শতাধিক যাত্রীকে আটক করেছে। এ ছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ও উখিয়া উপজেলায় পৃথক দুটি তল্লাশি ফাঁড়ি স্থাপন করেছে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মানব পাচার ঠেকাতে পুলিশ কয়েক দিন ধরে বিশেষ অভিযান শুরু করেছে। বিশেষ করে পাচারকারী দালালদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অতর্কিতে হানা দিচ্ছে। পাশাপাশি দালালদের সহযোগিতায় গডফাদারদের ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।
পুলিশ সুপার বলেন, উত্তরাঞ্চলের অভাবী অনেক মানুষ জেনেশুনেই অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নৌকায় উঠছেন। এ ব্যাপারে লোকজনকে সচেতন করতে পুলিশ সভা-সমাবেশ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, গত চার দিনে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১০ জনকে আটক করেছে। কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে এই বাহিনীর সদস্যরা শহরের নাজিরারটেক উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৪ যাত্রীসহ একটি ট্রলার জব্দ করেন। রোববার দুপুরে ট্রলারসহ আটক যাত্রীদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়। যাত্রীদের অধিকাংশ বগুড়া, ফরিদপুর, ঝিনাইদহ ও চাঁদপুরের বাসিন্দা।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, সাগর শান্ত হওয়ায় সমুদ্রপথে মানব পাচার বেড়ে গেছে। পাচার ঠেকাতে সম্প্রতি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এবং উখিয়া উপজেলার রেজুখালের (নদী) পাশে বিজিবির পৃথক দুটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। উভয় চেকপোস্টে ২৪ ঘণ্টা বিজিবির সদস্যরা অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আটক যাত্রী কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের মো. হোছনের ছেলে আরিফ (১৬) বলেন, ‘কোনো টাকাপয়সা ছাড়াই দালাল চক্র তাঁদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন। ভালো চাকরির আশ্বাস দেওয়ায় আমরাও নৌকায় উঠে পড়েছিলাম।’
বগুড়ার সায়েদুর রহমান (১৮) বলেন, ওই ট্রলারে তিনিসহ ৭০ জনের মতো যাত্রী ছিল। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি দেখে অনেকে সাগরে ঝাঁপ দেন।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ আকতার বলেন, মানব পাচার ঠেকাতে তাঁরা রাতদিন সাগরে পাহারা বসিয়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাগর শান্ত হওয়ায় শতাধিক দালাল নৌকায় মালয়েশিয়া পাঠানোর জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ হাজারের বেশি লোক এনে জেলার বিভিন্ন আস্তানায় লুকিয়ে রেখেছে। সুযোগ পেলেই এদের সাগরে ঠেলে দেওয়া হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) এ কে এম মনজুর আলম বলেন, এ খবর তাঁদেরও জানা আছে। এসব লোককে উদ্ধার করতে শহরের হোটেল-মোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান চলছে।