সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে গেছেন ৫৪ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে এ বছর মালয়েশিয়া ও থাইল্যান্ডে গেছেন প্রায় ৫৪ হাজার মানুষ। এঁদের বেশির ভাগ বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। যাওয়ার সময় মারা গেছেন প্রায় ৫৪০ জন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ‘ইরেগুলার মেরিটাইম মুভমেন্টস ইন সাউথ-ইস্ট এশিয়া’।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশে যাওয়া ৫৪ হাজার মানুষের মধ্যে প্রায় ৫৩ হাজার গেছেন বঙ্গোপসাগর হয়ে। বাকি মানুষদের বেশির ভাগ গেছেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে। এঁরা প্রথমে ভারত মহাসাগর হয়ে পৌঁছান ইন্দোনেশিয়ায়। এরপর সেখান থেকে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।

ইউএনএইচসিআরের আঞ্চলিক কার্যালয়ের তৈরি করা ওই প্রতিবেদন আরও বলা হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়া মানুষের স্রোতটা সবচেয়ে বেশি হয় অক্টোবরে। কারণ, বর্ষা মৌসুম শেষে এই সময়টা সমুদ্র শান্ত থাকে।

বাংলাদেশ থেকে ঠিক কত মানুষ এভাবে গেছেন, তা উল্লেখ করেনি ইউএনএইচসিআর। তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা সমুদ্রপথে পাড়ি জমিয়েছেন। গত বছরের ঠিক এই সময়টার চেয়ে এটি ৩৭ শতাংশ বেশি। আর ২০১২ সাল থেকে এভাবে বিদেশে গেছেন প্রায় এক লাখ ২০ হাজার মানুষ। সমুদ্র পাড়ি দেওয়া মানুষের অন্তত ১০ শতাংশ নারী।

অবৈধপথে ঝুঁকিপূর্ণ এই ভ্রমণের জন্য প্রত্যেকের কাছ থেকে দালালেরা এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৪০০ মার্কিন ডলার করে আদায় করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রযাত্রার সময় কেউ একটু বেশি খাবার বা নিয়মিত বিরতিতে লাইনের বাইরে প্রস্রাব-পায়খানা করতে চাইলে তাঁদেরকে মারধর ও নির্যাতন করে সশস্ত্র লোকজন। এসব নির্যাতনে এবং ক্ষুধা ও ডায়রিয়ায় চলতি বছর সাগর পাড়ি দেওয়ার সময় অন্তত ৫৪০ জন মারা গেছেন। তাঁদের লাশ ফেলে দেওয়া হয় সমুদ্রে।