সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা আটক ২১
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল শুক্রবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ থেকে ২১ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর সৈকত এলাকা থেকে শাহপরীর দ্বীপ চৌকির কোম্পানি কমান্ডার সুবেদার তোতা মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ছয় ব্যক্তিকে আটক করা হয়।
অন্যদিকে একই দিন সকালে দমদমিয়া চেকপোস্টে কোম্পানি কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে একটি বাসে অভিযান চালিয়ে ১৫ ব্যক্তিকে আটক করে বিজিবি। এ সময় তাঁদের কাছ থেকে শুকনো খাবার চিড়া, গুড়, পানি, ওষুধ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দালাল চক্রের ফাঁদে পড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আটক ব্যক্তিরা টেকনাফে এসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। আটক ২১ জনের বাড়ি সিরাজগঞ্জ, নরসিংদী, ঝিনাইদহ, গোপালগঞ্জ, শেরপুর, বরিশাল ও শরীয়তপুরের বিভিন্ন থানার বাসিন্দা বলে জানা গেছে।