সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৯
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল রোববার বেলা তিনটার দিকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নয়জনকে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে যশোরের সাতজন, ঝিনাইদহের একজন ও পাবনার একজন বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি সূত্রে জানায়, গতকাল বিকেলে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট এলাকায় ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাস থেকে শুকনো খাবার, গুড়, চিড়া, ওষুধ, পানীয় জল, বিস্কুটসহ নয়জন যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছার সৈয়দুল ইসলামের ছেলে মোহামঞ্চদ আলী (২৫), জাবেদ আলীর ছেলে ইমতিয়াজ মিয়া (৩৬), মৃত লোকমান হোসেনের ছেলে মো. জুল হোসেন (৩৮), আমির হোসেনের ছেলে মো. মাহবুবুর রহমান (২৬), আবদুল মজিদের ছেলে মো. তওফিকুর রহমান (২৩), আহমদ সিকদারের ছেলে মোহামঞ্চদ নাছিম (২৫) ও হাজি আলী সরদারের ছেলে মো. আকরামুল হক (৩২); ঝিনাইদহের কালীগঞ্জের গোলাম রসুলের ছেলে আবদুল সালাম (২৪) এবং পাবনার ভাঙ্গুরার মৃত আবদুর রহমানের ছেলে আবদুল আলিম (৩৫)।
আটক মোহামঞ্চদ আলী ও ইমতিয়াজ মিয়া জানান, যশোরের ঝিকরগাছার সিরাজুল ইসলাম ও আলমগীর হোসেন তাঁদের কাছ থেকে সমুদ্রপথে জাহাজে করে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে জনপ্রতি অগ্রিম ৫০ হাজার টাকা করে নিয়েছেন। মালয়েশিয়া পৌঁছানোর পর বাকি দেড় লাখ টাকা দেশে অবস্থানরত তাঁদের লোকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।