সমুদ্রপথে মালয়েশিয়া পাচার চেষ্টার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া উপকূলীয় এলাকা দিয়ে পাচারের চেষ্টাকালে ১১২ জনকে উদ্ধারের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার করা মামলায় আসামি করা হয়েছে ৩৫ জনকে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলোকে জানান, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলাটি করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, বিভিন্ন এলাকার দালালেরা তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করেছেন।পুলিশ সূত্র জানায়, এই মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন মামুন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এসআই কামাল হোসেনকে। গত রোববার রাতে ছনুয়ার উপকূলীয় এলাকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় পাচারের চেষ্টাকালে ১১২ জনকে উদ্ধার করে পুলিশ। ওই সময় নৌকার মাঝি মঞ্জুর আলমকে (৩২) গ্রেপ্তার করা হয়। তবে পাচারকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওসি আকতার হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩৫ জনকে মামলার আসামি করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশোধনী: গত মঙ্গলবার প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় ‘পাচারের চেষ্টা উদ্ধার ১২২’ শিরোনামে প্রকাশিত সংবাদে উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা অসাবধানতাবশত ১২২ উল্লেখ করা হয়। আসলে ১১২ জনকে উদ্ধার করা হয়েছিল।