সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, টেকনাফে আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গতকাল রোববার ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠানো হয়। কিন্তু এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে শাহপরীর দ্বীপের বিওপির নায়েক সুবেদার মো. জাকারিয়ার নেতৃত্বে বিজিবির জওয়ানেরা জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের আটজন নাগরিকসহ ২৫ জনকে আটক করেন।আটক ব্যক্তিরা হলেন: টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার মো. ফয়েজ (৩০); চুয়াডাঙ্গা এলাকার রবিউল হাসান (২৫); কক্সবাজার পিএমখালী এলাকার নুরুল আমিন (৩০), নুরুল আবছার (৩৫); হাজীপাড়া এলাকার মো. নুর উল্লাহ (৩২), মো. রশিদ (৩৫), মো. ইসমাইল (৩৭), মো. ইয়াছিন (৩৩), জমির উদ্দিন (৩০), নুরুল আলম (২৮), মো আবদুর রহিম (৩০), আবদুল মজিদ (৩৫); যশোরের শার্শা উপজেলার আবদুল জলিল (৩২), মো. জসিম (২৮), বাবুল মিয়া (৩৮); উখিয়া এলাকার আবদুল করিম (২০) এবং চট্টগ্রামের হাটহাজারী এলাকার আবদুল মজিদ (৩০)। আটক হওয়া ব্যক্তিদের টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। এ প্রসঙ্গে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও মিয়ানমারে আটজন নাগরিককে সন্ধ্যায় শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে স্বদেশে ফেরত পাঠানোর পর অবশিষ্ট ১৭ জনকে থানায় সোপর্দ করা হয়।আটক ব্যক্তিরা বলেন, মাথাপিছু এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা টেকনাফের নাইট্যংপাড়ার রহিম উল্লাহ ও শাহপরীর দ্বীপের মো. কাছিমের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য জনপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা অগ্রিমও দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা। তাঁরা আরও বলেন, মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জালিয়াপাড়া এলাকায় অর্ধশতাধিক লোককে জড়ো করা হয়। সাগরে অবস্থানরত বড় ট্রলারে তুলে দেওয়ার আগে তাঁরা বিজিবির জওয়ানদের হাতে ধরা পড়েন।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, পাচারকারীরা নিরাপদ পথ হিসেবে উপকূলীয় এলাকাকে ব্যবহার করছে। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় বিজিবির জওয়ানেরা ওই সব লোককে আটক করেছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ১৭ জনকে সাক্ষী করে দুই দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।