সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৪ জন গ্রেপ্তার
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে গতকাল শনিবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১২ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের তিনজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া মানব পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন লোক। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাশরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মিয়ানমারের নাগরিক ইমাম হোসেন (২৩), মফিজ আলম (৪৬), মো. ইয়াছিন (৩২); শিলখালী এলাকার হামিদ হোসেন (২৫), শফিক আলম (২০), হোসেন আহমদ (৪৫), ফিরোজ আহমদ (১৯), ফরিদ আলম (৩৫), মো. আবদুল্লাহ (২০), মো. হোসেন (২২), হাবিব উল্লাহ (২৫) ও জাহেদ হোসেন (২৫)। ওই ব্যক্তিদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন উপজেলার শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার আবদুল মালেক (৪০) ও শিলখালী এলাকার বশির আহমদ (৪২)। গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মাথাপিছু ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আবদুল মালেক ও বশির আহমদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা অগ্রিমও দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা। জানতে চাইলে বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, পাচারকারীরা নিরাপদ পথ হিসেবে উপকূলীয় এলাকাকে ব্যবহার করছে। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় গত দুই মাসে এখানে দেড় শতাধিক লোক আটক হয়েছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেপ্তার ১৪ জনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।