সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৫৪
চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের গহিরা এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৫৪ জনকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানা সূত্র জানায়, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দালালেরা ৫৪ ব্যক্তিকে মধ্য গহিরার বাছা মিয়া মাঝির ঘাট এলাকায় জড়ো করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন। তবে দালাল চক্রের কাউকে ধরা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিরা জানান, তাঁদের একাধিক দলে ভাগ করে নগরের ১৫ নম্বর ঘাট পার করে অটোরিকশাযোগে রায়পুর উপকূলে আনা হয়। সেখান থেকে নৌকায় তোলার আগেই তাঁরা ধরা পড়েন।
পুলিশ সূত্র বলছে, কক্সবাজারের টেকনাফসহ মালয়েশিয়া যাওয়ার বিভিন্ন রুট পরিচিত হয়ে যাওয়ায় আদম পাচারকারীরা আনোয়ারা উপকূলকে বেছে নিয়েছে।
আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মালয়েশিয়া পাচারের আগে স্থানীয় লোকজন ৫৪ ব্যক্তিকে আটক করেন। পরে আমরা তাঁদের থানায় নিয়ে আসি।