সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা আটক ৬
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গত রোববার দিবাগত রাত আটটার দিকে ছয়জন যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির ভাষ্যমতে, সমুদ্রপথে অবৈধভাবে জাহাজে করে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে টেকনাফ উপকূলের সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।বিজিবি সূত্র জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ সৈকত এলাকা দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য ১০-১৫ জন লোক জড়ো হয়েছে—এ খবর পেয়ে রাতে সাবরাং বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির জওয়ানেরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা ছয়জনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যান।আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মো. ইকরামুল আলী সরকারের ছেলে ইসরাইল হোসেন (৩০), আবদুল লতিফের ছেলে জাকির হোসেন (৩০), মজিবর সরকারের ছেলে মোখলেছুর রহমান (৩০), কমর উদ্দিনের ছেলে মহসিন গাজী (২৮), বাবর আলীর ছেলে সাহাজুল ইসলাম (৩৫) ও আরিফুল ইসলামের ছেলে জাকির হোসেন (২২)।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে টেকনাফে দালাল চক্রের নয় সদস্যকে পলাতক দেখিয়ে মামলা করা হয়েছে।