সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২১ ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তাঁদের মধ্যে নরসিংদীর পাঁচজন, নারায়ণগঞ্জের পাঁচজন ও কক্সবাজারের ১১ জন রয়েছেন বলে জানা গেছে।বিজিবি ও পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বিজিবির জওয়ানরা হারিয়াখালী ভাঙ্গা নামক এলাকায় একটি নৌকায় তল্লাশি চালান। এ সময় ওই নৌকা থেকে শুকনো খাবার, গুড়, চিড়া, ওষুধ, পানীয়জল, বিস্কুটসহ ১০ জন যাত্রীকে আটক করা হয়।অন্যদিকে একই দিন সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল মোনাফের নেতৃত্বে পুলিশ ১১ জনকে আটক করে। আটক ব্যক্তিরা জানান, শাহপরীর দ্বীপের দালাল চক্রের সদস্য ধলু হোসেন, শরীফ হোসেন, মো. ফিরোজ, আবুল কালাম, কচুবনিয়ার ইমাম হোসেন, মো. ইসলাম ওরফে বাগু ও আবদুল হামিদের নেতৃত্বে সমুদ্রপথে জাহাজে করে মালয়েশিয়া পাঠানোর কথা বলে জনপ্রতি অগ্রিম ২০ হাজার টাকা করে নেওয়া হয়। মালয়েশিয়া পৌঁছার পর বাকি দেড় লাখ টাকা দেশে অবস্থানরত তাঁদের লোকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ বলেন, তাঁদের কাছ থেকে শুকনো খাবার পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। জড়িত দালালদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং আটক ২১ ব্যক্তির নাগরিকত্ব যাচাই করে তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।