সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ২১১
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুটি ট্রলার থেকে বাংলাদেশ ও মিয়ানমারের ২১১ জন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আওয়াল প্রথম আলোকে বলেন, আজ সকালে সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ-পশ্চিমের বড়শীল নামক এলাকার বঙ্গোপসাগরে ওই ট্রলার দুটি দেখতে পান টহলরত কোস্টগার্ডের সদস্যরা। পরে সেন্টমার্টিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা তিনটি স্পিডবোট নিয়ে ওই ট্রলার দুটিতে থাকা ২১১ জন যাত্রীকে উদ্ধার করেন। এঁদের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকেরা রয়েছেন।
দেওয়ান রফিকুল আওয়াল জানান, আটক হওয়া ব্যক্তিদের পুলিশে সোপর্দ করতে সেন্টমার্টিন থেকে টেকনাফে নেওয়া হচ্ছে।