সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৯
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার সকাল আটটার দিকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নয়জনকে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে যশোরের সাতজন ও সাতক্ষীরার দুজন বাসিন্দা বলে জানা গেছে। বিজিবির ভাষ্য, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।বিজিবি সূত্রে জানায়, গতকাল সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট এলাকায় ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাস থেকে শুকনো খাবার, গুড়, চিড়া, ওষুধ, পানীয়জল, বিস্কুটসহ নয়জন যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছার মোহামঞ্চদ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৭), লুৎফর রহমান বিশ্বাসের ছেলে মো. আবু সায়েদ (২৫), আবদুল মালেকের ছেলে মনসুর আলী (২৭), রবিউল ইসলামের ছেলে তবিবুর রহমান (৩২), আবদুল মালেকের ছেলে মো. তাজুল ইসলাম (১৯), মৃত সমশের আলীর ছেলে শিপুল হোসেন (৩০), আজিজুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩০), সাতক্ষীরার কলারোয়ার খালেদ সরদারের ছেলে মো. সেকান্দার আলী (২৫) ও মো. তাইজুল বিশ্বাসের ছেলে আবদুর রহিম (২৮)। আটক করা মনসুর আলী ও আবদুর রহিম জানান, যশোরের ঝিকরগাছার আরশাদ আলীর ছেলে মনজুর ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মো. লোকমানের ছেলে মো. আমান আমাদের কাছ থেকে সমুদ্রপথে জাহাজে করে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে জনপ্রতি অগ্রিম ৫০ হাজার টাকা করে নিয়েছে। মালয়েশিয়া পৌঁছানোর পর বাকি দেড় লাখ টাকা দেশে অবস্থানরত তাঁদের লোকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, তাঁদের কাছ থেকে শুকনো খাবার পাওয়ার পর জিজ্ঞাসাবাদে তাঁরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য টেকনাফে এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাই যশোরের ঝিকরগাছার আরশাদ আলীর ছেলে মনজুর ও সাতক্ষীরার কলারোয়ার মো. লোকমানের ছেলে মো. আমানকে পলাতক মানবপাচারের দালাল দেখিয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং প্রতারণার শিকার নয়জনকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, আটক নয় ব্যক্তির নাগরিকত্ব যাচাই করে তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।