সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দালালসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার ভোররাতে দালালসহ আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, গতকাল ভোররাত তিনটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সব্বির আহমদের সহযোগিতায় পুলিশের সহকারী উপপরিদর্শক নুর নবীর নেতৃত্বে উপজেলার সাবরাং আছারবনিয়া গ্রাম থেকে পাঁচজনকে আটক করে। এঁরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুরের সোনাতলা এলাকার মো. তৈয়বের ছেলে মোহাম্মদ মনসুর (২৪), রসুল আলীর ছেলে নুর মোহামঞ্চদ (৩৫), বদরু সরকারের ছেলে মোহাম্মদ রিপন (১৮), মো. ইছাহাকের ছেলে এমদাদুল হক (২৪) ও আবু বক্কর সিকদারের ছেলে বাবু সিকদার (১৮)।পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা বলেন ‘রহিম উল্লাহ, মো. ছিদ্দিক ও খুল্লা মিয়ার সঙ্গে মুঠোফোনের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে আসি এবং জনপ্রতি নগদ ২০ হাজার টাকা করে দিয়ে ট্রলারে তুলে দেওয়ার আগে পুলিশের হাতে ধরা পড়ি।’সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সব্বির আহমদ বলেন, আছারবনিয়ার রহিম উল্লাহ, মোহামঞ্চদ ছিদ্দিক ও কোয়াইন ছড়িপাড়ার খুল্লা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিলেন। গতকাল লোকজন জড়ো করে পুলিশকে খবর দিয়ে পাঁচজনকে আটক করলেও দালালরা পালিয়ে যায়। অন্যদিকে একই দিন ভোররাতে সদর ইউনিয়নের কচুবনিয়া সৈকত এলাকায় ১০-১২ জন লোককে জড়ো করার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক রত্নশ্বর কুমার মণ্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এক দালালসহ তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান।আটক করা ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাতি এলাকার সোলেমান আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৫), সুন্টু মোল্লার ছেলে হামিদ আলী (৪৩) এবং টেকনাফের কচুবনিয়ার এলাকার বাসিন্দা মো. হাশিমের ছেলে দালাল আবদুল্লাহ (৩০)। পুলিশ হেফাজতে হামিদুল ইসলাম জানান, নওগাঁর ময়েজ আলীর সঙ্গে জনপ্রতি দুই লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার চুক্তি হয়। অগ্রিম ১০ হাজার টাকা করে নিয়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মো. আবদুল্লাহর কাছে পাঠানো হয়। পুলিশ হেফাজতে থাকা দালাল আবদুল্লাহ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এলাকার অধিকাংশ মানুষ মানব পাচারের কাজে জড়িত। তাই আমিও কিছু টাকা রোজগার করতে চেয়েছিলাম।