সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গত রোববার ট্রলারসহ ১৫ যাত্রীকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তাঁদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং অন্যরা টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।আটক যাত্রীরা জানান, টেকনাফের কায়ুকখালীয়া খাল থেকে রাতে ট্রলারে করে ১৫ জন যাত্রী রওনা হন। কিছু দূর গিয়ে নাফ নদী থেকে টহলরত কোস্টগার্ডের হাতে ধরা পড়েন তাঁরা। জনপ্রতি এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে তাঁদের মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা দালাল চক্রকে জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছিলেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছার পর দেওয়ার কথা ছিল। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত লেফট্যানেন্ট এম বদরুদোজা বলেন, মানব পাচার চক্র প্রলোভন দেখিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং স্থানীয় ব্যক্তিদের কম খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রতারণা করছে। নাফ নদী ও সাগরে টহল জোরদার করায় মালয়েশিয়াগামী যাত্রীরা ধরা পড়ছেন। আটক করা যাত্রী ও ট্রলারটি টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।