সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনার সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে গতকাল বৃহস্পতিবার ৫১ জন যাত্রীসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে। এঁদের মধ্যে ১৫ জন মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বাকিরা টেকনাফসহ জেলার মহেশখালী, চকরিয়া ও সদর উপজেলার বাসিন্দা।এদিকে গত বুধবার সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৫ জন যাত্রীর সন্ধান গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। কোস্টগার্ড বাহিনীর টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় সেন্ট মার্টিন দ্বীপে সাগর থেকে ৩৬ জন যাত্রীসহ এফবি নেজাম উদ্দিন নামের একটি ট্রলার আটক করা হয়েছে। আটক যাত্রীদের মধ্যে ১৫ জন মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। ট্রলারে বোঝাই যাত্রীদের সেন্ট মার্টিন সাগর দিয়ে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। এদিকে বিজিবি সূত্র জানায়, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে সমুদ্র উপকূলের হাবিরছড়া ও কাটাবুনিয়া এলাকা দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে ট্রলারে ওঠার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ধাওয়া করে ১৫ জনকে আটক করেন। এঁরা সবাই টেকনাফ, মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা। বিজিবির হাতে আটক টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মো. হোছনের ছেলে ইমাম হোসেন (১৮) বলেন, স্থানীয় লেঙ্গুরবিল গ্রামের দালাল সরোয়ার আলম, নজির আহমদ, ছৈয়দ হোসেন এবং শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার মোহাম্মদ হোসেন ৪০ জনের বেশি যাত্রীর কাছ থেকে মাথাপিছু ২০ হাজার টাকা নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারে তুলে দিচ্ছিলেন। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে অনেকে জঙ্গলে আত্মগোপন করেন। আর কোস্টগার্ড বাহিনীর হাতে আটক ট্রলারে যাত্রীদের তুলে দেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার দালাল জায়েদ উল্লাহ, মিস্ত্রিপাড়ার শরীফ হোসেন ও ধলু হোসেন। দালালদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় আদম পাচারের একাধিক মামলা থাকলেও কেউ ধরা পড়ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ভোররাতে ৫২ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনার সময় টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ বদরমোকাম সাগরে একটি ট্রলার ডুবে যায়। এঁদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করা হলেও ১৫ জন নিখোঁজ রয়েছেন। ২৭ অক্টোবর রাতে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ১২৮ জন যাত্রী এবং ৭ নভেম্বর টেকনাফ উপকূলের সাতবাইন নামক এলাকায় ১১০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২০১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।