সমুদ্রপথে মালয়েশিয়া ১৪ যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের ১৪ যুবকের সাত মাস ধরে কোনো খোঁজ নেই। উপজেলার খানপুর ইউনিয়নের আটটি গ্রাম থেকে স্থানীয় দালালেরা ভালো চাকরি দেওয়ার কথা বলে গত বছরের নভেম্বরে তাঁদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠান৷ এর পর থেকে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না৷
নিখোঁজ যুবকদের স্বজনেরা এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন৷ দালালের শরণাপন্ন হয়েও কোনো খোঁজ পাচ্ছেন না। তাঁদের অভিযোগ, ওই যুবকদের ফিরিয়ে আনতে এখন জনপ্রতি তিন লাখ টাকা করে দাবি করছেন দালাল গাজীউর রহমান।
নিখোঁজ যুবকেরা হলেন খানপুর মধ্যপাড়া গ্রামের আলামিন (৩০), দুলাল (৩৯) ও আল মাহমুদ (২৫); খানপুর গ্রামের ফিরোজ আলী (২৮); দড়িখাঁগা গ্রামের মামুন (২৫), সাহাদত হোসেন (২৫) ও আতাউর রহমান (২২); বোয়ালকান্দির রেজাউল করিম (৩৫); শালফা দক্ষিণ পাড়ার অ্যানি সরকার (২২); চৌবাড়িয়ার রেজাউল ইসলাম (২৮) ও ফরহাদ হোসেন (৩০); শুবলীর ইউনুছ আলী (২২) ও মাসুদ রানা (২২) এবং নবীনগর গ্রামের নজরুল ইসলাম (৩২)।
নিখোঁজ যুবকদের স্বজনেরা জানান, ভালো চাকরি দেওয়ার কথা বলে সাত মাস আগে ওই যুবকদের কক্সবাজার থেকে সুমদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। এ জন্য জনপ্রতি দালালকে প্রথমে ১৫ থেকে ২৫ হাজার টাকা করে দিতে হয়েছে। মালয়েশিয়ায় চাকরি স্থায়ী হলে জনপ্রতি আরও আড়াই লাখ টাকা করে দিতে হবে বলে কথাও হয়েছে।
এ ব্যাপারে শালফা গ্রামের মো. রনি জানান, তাঁর শ্বশুর বোয়ালকান্দি গ্রামের গাজীউর রহমান ওরফে গাজী মালয়েশিয়ায় থাকতেন৷ এ অবস্থায় গাজীউর রহমান স্থানীয় তরুণ ও যুবকদের সুমদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যেতেন। স্থানীয়ভাবে এই কাজ তদারক করেন তাঁর (রনি) শাশুড়ি রেহেনা খাতুন ও তাঁদের নিকটাত্মীয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামের মাসুদ রানা।
গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে গাজীউর রহমান বলেন, ওই সব যুবক কোথায় আছেন, তিনি জানেন না৷ তিনি তাঁদের মালয়েশিয়ায় নিয়ে যাননি এবং এমনকি তাঁদের চেনেনও না। তাঁদের ছাড়িয়ে আনতে তিন লাখ করে টাকা দাবি করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তাও তিনি অস্বীকার করেন।