সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবি, গ্রেপ্তার ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মালয়েশিয়াগামী ব্যক্তিদের বহনকারী একটি ট্রলার গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে সাগরে ডুবে যায়। এর ৩৩ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশে দিয়েছে কোস্টগার্ড। তাঁদের মধ্যে ২৬ জন মিয়ানমারের নাগরিক এবং সাতজন টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।জানা যায়, অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার গতকাল সকালে সেন্ট মার্টিনের অদূরে মৌলভীর শীল এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের দিকে আসা একটি কার্গো ট্রলার সাগরে ভাসমান শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে। পরে ট্রলারটি মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া উপকূলে পৌঁছালে মিয়ানমারের ৫০-৬০ জন নাগরিক ট্রলার থেকে ঝাঁপিয়ে সাঁতরে মিয়ানমার উপকূলে চলে যান। বাকি ৩৩ জন নাফ নদীর মোহনায় ফাঁদ জাল (বিহিঙ্গ) পাতার নৌকায় ওঠেন। এ খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা ছুটে গিয়ে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ৩৩ জনকে আটক করেন। তাঁদের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে থানায় সোপর্দ করা হয়।শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার ওবাইদুল হক বলেন, নাইক্ষ্যংদিয়া এলাকায় একটি ফাঁদ জালের নৌকা থেকে ৩৩ জনকে উদ্ধার করে টেকনাফ থানার পুলিশে দেওয়া হয়েছে।সূত্র জানায়, সাগরে মাছ শিকার শেষে শাহপরীর দ্বীপে ফেরার পথে তিনটি ট্রলার ৩৮ ব্যক্তিকে উদ্ধার করে বদরমোকাম এলাকার চরে নামিয়ে দেয়।আটক হওয়া ব্যক্তিরা জানান, গত সোমবার চট্টগ্রামের মাঝিঘাট ও বোয়ালখালী এলাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি রওনা হয়। জনপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া যাওয়ার জন্য তাঁরা দালালদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। বুধবার রাত ১০টার দিকে আরও ১০০ থেকে ১২০ জন ব্যক্তি শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া, দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়া এলাকা দিয়ে ছোট ছোট নৌকায় করে গভীর সাগরে অবস্থানরত ওই ট্রলারে ওঠেন। আটক ব্যক্তিরা জানান, ট্রলারে যাত্রী ছিলেন ১৭০ জন।টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় সাগর থেকে উদ্ধার করা ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মামলা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।