সমুদ্রপাড়ে রাসমেলা
ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। ‘রাস’ শব্দটি এসেছে ‘রস’ থেকে। ‘রস’ মানে আনন্দ, দিব্য অনুভূতি, ঐশ্বরিক প্রেম। ‘লীলা’ অর্থ নৃত্য। কার্তিক পূর্ণিমার তিথিতে বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকে প্রতিবছর কার্তিক পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন। গোপী আসলে আত্মার রূপক, যারা তাদের পুণ্যবলে ভগবানের সঙ্গে মিলিত হয়েছে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। বাংলাদেশে হিন্দু ভক্তরা শত বছর ধরে বঙ্গোপসাগরের সৈকতে রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান করে আসছেন। এ উৎসব উপলক্ষে প্রতিবছর অসংখ্য মানুষ সুন্দরবনের দুবলার চরে ভিড় করে। অনেকে আসেন পূজা ও পুণ্যস্নানের উদ্দেশ্যে, আবার অনেকে আসেন বেড়াতে। প্রতিবছর কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণ মাসের প্রথমে ভরা পূর্ণিমায় এ পূজা হয়। ছবিগুলো সুন্দরবনের দুবলার চর থেকে ৩ ও ৪ নভেম্বর ক্যামেরাবন্দী করা হয়েছে।




