সমুদ্রবন্দর নির্মাণে ইতিবাচক ফল আসবে: জুন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে।
আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোসহ কয়েকটি দৈনিকের সঙ্গে আলোচনার সময় চীনের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবার সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে যাচ্ছে।
লি জুন বলেন, চীনে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এ সফরের সময় পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে সফর করবেন। সেখানে তিনি পাঁচ দিন অবস্থান করবেন।
৯ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি ঘোষণা দেওয়ার কথা রয়েছে৷ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবারকে দিয়ে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।